২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, মৃত ৫৫ 

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এম ভি মিরাজ ৪ উদ্ধার হয়েছে। এ দুর্ঘটনার পর ৫৫টি লাশ পাওয়া গেছে, যাদের সবার পরিচয়ও মিলেছে। 

ফারহানা

মির্জা বর্ণা, মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 01:40 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

এর মধ্যে একটি লাশ উদ্ধার করা হয় অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৭টায়।

শনিবার বেলা সোয়া ৩টায়  জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল সংবাদ ব্রিফিংয়ে উদ্ধার কাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গজারিয়া উপজেলার দৌলতপুরের কাছে ঝড়ে মেঘনা নদীতে প্রায় আড়াই শ যাত্রী নিয়ে ডুবে যায় ঢাকা থেকে শরীয়তপুরগামী লঞ্চ এমভি মিরাজ ৪।

আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার সময় জেলা প্রশাসক বলেন, এখনো ছয় জন নিখোঁজ রয়েছে। সকল নিখোঁজদের খুঁজে না পাওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন মেঘনা নদী ও এর আশপাশে উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

এর আগে সকাল ৯টায় লঞ্চটি তীর থেকে ২০ গজ দূরে কাত হয়ে থাকা অবস্থায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করলে বিক্ষুব্ধ জনতা উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ে হামলা চালায়।

পরে স্থানীয় সংসদ সদস্য মৃনাল কান্তি দাস ও জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিলে পরিস্থতি শান্ত হয়।

জেলা প্রশাসনের হিসাবে নিখোঁজ ছয় জন হলেন শরীয়তপুরের নড়িয়ার ব্রজেশ্বরের নূর মোহাম্মদ শেখের ছেলে মূসা শেখ (২৬), মগর গ্রামের প্রয়াত মগবুল ছৈয়ালের দুই ছেলে আবু কালাম ছৈয়াল (৪৫) ও রাজিব ছৈয়াল (২২),  দক্ষিণ চাকধ গ্রামের প্রয়াত আবু কালাম চৌকিদারের ছেলে মো. সজিব চৌকিদার (২৪), নন্দনসার গ্রামের মো. হাকিম হালদারের ছেলে কাঞ্চন হালদার (৩৫) ও ঢাকার নাবাবগঞ্জের হরিকান্দা গ্রামের আব্দুল করিমের মেয়ে কল্পনা আক্তার (১৩)।

জাহাজ উদ্ধারের পর ৯ লাশ

বেলা দেড়টা। এমভি মিরাজ-৪ পুরোপুরি পানির উপর ভেসে ওঠার পর লাশের সংখ্যা ৪৬ থেকে বেড়ে ৫৫ হয়ে গেল। এরমধ্যে ৫৪টি উদ্ধার হয় জাহাজের ভেতর থেকে এবং একটি পাওয়া যায় নদীতে।

একটি করে লাশ উদ্ধার হচ্ছিল, আর সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছিলেন স্বজনরা। প্রিয়জনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ছেন। এ সময় উপস্থিত সবাই আবেপ্রবন হয়ে পড়ে।

অভিযান সমাপ্তের পর গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মাহবুব করিম জানান, ৫৪টি লাশ উদ্ধার করা হয়েছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অভিযান পরিচালনা করে যাব। স্বজনদের লাশ প্রতি ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

৩০ জন পুরুষ, ১৩ জন নারী এবং ১১ জন শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

সন্ধ্যায় উদ্ধার করা লাশের পরিচয় নিশ্চিত করেন গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।

উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ে হামলা

শনিবার সকাল ৯টায় এম ভি মিরাজ-৪ আংশিক উদ্ধার করে তীরের কাছাকাছি নিয়ে আসার পর বিআইডব্লিউটিএ চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকার উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে বলেন, লঞ্চ উদ্ধার সম্পন্ন হয়েছে- এর চেয়ে বেশি উদ্ধারের কিছু নিই।

ওই সময় তিনি বলেন, লঞ্চটি কাত হয়ে তীর থেকে ১৫ গজ দূরে ভেসে আছে। পানির গভীরতা কম থাকায় আর সামনে নেয়া যাবে না।

এ ঘোষণার পরপরই উপস্থিত স্বজন ও জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ে হামলা চালান এবং কাত হয়ে থাকা লঞ্চটি সোজা করার দাবি জানান।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মৃনাল কান্তি দাস ও জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আশ্বস্থ করেন। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যাবে নিখোঁজ কেউ নেই তৎক্ষণ উদ্ধার কাজ চলবে।

পরে বিআইডব্লিউটিএ ওই সময় তাদের ঘোষণা প্রত্যাহার করে নেয়।

৫৫ লাশের পরিচয় মিলেছে

এ পর্যন্ত উদ্ধার হওয়া ৫৫টি লাশেরই পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরের এলাহি বক্সের ছেলে মো. জামাল সিকদার (৫০), রাহাপাড়া গ্রামের ফজলুল হক আখন্দের স্ত্রী সেতারা বেগম (৫৫), পাঁচগাও গ্রামের লিটন কাজীর স্ত্রী টুম্পা বেগম (২৬), পন্ডিতসার গ্রামের মিজানুর রহমানের মেয়ে মাহি (৪), নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফেল জালাল সিকদারর ছেলে আবির (দেড় বছর) , পাঁচগাও গ্রামের লিটন কাজীর মেয়ে সুমনা (৮), সুরেশ্বরের আরব আলীর ছেলে জলিল মালত (৫০), পন্ডিতসার গ্রামের আব্বাস হোসেন ছেলে মানিক (১৪), চাকধ গ্রামের মাসুমের ছেলে আব্দুল্লা আল রেদোয়ান (৪০), দিনারা গ্রামের ইদ্রিস শেখের স্ত্রী রাশিদা বেগম (৬০), নন্দনসার গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে খোরশেদ আলী খন্দকার (৭৫), মঙ্গলসার গ্রামের প্রয়াত জলিল আহমেদের মোল্লার ছেলে ওসমান গনি মোল্লা (৪০), কুলকাঠি গ্রামের রহিম ফকিরের ছেলে ইসমাইল ফকির (৬৫)।

শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের প্রয়াত শ্রীদম দাসের ছেলে কৃষ্ণ কমল দাস (৫০), নড়িয়ার পাঁচগাওয়ের প্রয়াত নুরুল ইসলাম খানের ছেলে আব্দুল জলিল (৫৫), সাহিনূরের স্ত্রী তাছলিমা আক্তার রিয়া (২৫), শরিয়তপুরের ভেদেরগঞ্জের দুরারচর গ্রামের সাজু দেওয়ানের স্ত্রী লাইলী বেগম (৫০), নড়িয়ার পাইকপারা গ্রামের দুলাল ব্যাপারীর রাশিদা বেগম (৫৬), উপালী গ্রামের রিপন মৃধার মেয়ে রিতু আক্তার (১২), কলকাঠি গ্রমের আব্দুল মান্নান দেওয়ান (৫০), নড়িয়ার চাধ গ্রামের খলিলুর রহমানের কন্যা রহিমা (৩২), চাকধের মাসুম মিয়ার পুত্র রোমান (৫), ভেদরগঞ্জ উপজেলার পটিয়ার মৃত আরব আলী খার পুত্র আব্দুল জলিল খা (৭০), নড়িয়ার চাকধ গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুম (৪০)।

চাঁদপুরের হাইমচরের আব্দুল লতিফ শিকদারের ছেলে আব্দুল কাদের শিকদার (৬৫), ইউনুস মোল্লা তমিজুদ্দিনের মিন্টু সুকানি (৪০), নড়িয়ার কার্তিকপুরের শ্রীকান্ত চন্দ্র দাসের স্ত্রী পুর্ণলক্ষ্মী দাস (৮৫), নড়িয়ার চাকদের আব্দুল মালেকের রিমা অক্তার (৩২), নড়িয়ার বাহির কুচিরা গ্রামের আব্দুল লতিফ সিকদারের ছেলে জুলহাস (৩৩), সখিপুরের নান্নু মিয়া দেওয়ানের পুত্র মোশারফ (৩৫), নড়িয়ার সাওপাড় গ্রামের আব্দুল মালেক সিকদারের স্ত্রী বিউটি বেগম (৫০), নড়িয়ার সোবান মল্লিকের ছেলে মো. লিটন মল্লিক (২৩), পিয়ার খন্দকারের ছেলে মেহেরাজ খন্দকার (১২) ,সখিপুরের পায়তলী গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী সিরিন (২৫), সিরেনের ছেলে আলামিন (৭), সখিপুরের নাসির উদ্দিন ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী (২৭), নড়াইলের লোহাগড়ার লাহরিয়া গ্রামের রাসেল মল্লিকের পুত্র রফিকুল ইসলাম (৪৫), সখিপুরের ধুলার চর গ্রামের লিটন মিয়ার ছেলে নাইম হোসেন (১১)।

নড়িয়ার উত্তর কেদারপুরার আব্দুল হাই ঢালীর ছেলৈ মো ছাহেদ ঢালী (৩৫), ভেদরগঞ্জের রামভদ্রপুর গ্রামের মো আলী আকন্দের ছেলে আরিফ হোসেন রিফাত (১১), নড়িয়ার তেলিপাড়ার একরাম মিয়ার ছেলে মো মিন্টো মিয়া (২৭), সখিপুরের দুলার চর গ্রামের নুর হোসেনে ছেলে আহসান উল্লাহ কবিরাজ (৫৫)।

মাদারিপুরের কালকিনি সূর্যমনি গ্রামের আব্দুর রশীদ ঢালীর ছেলে আব্দুস সালাম (৪০), নড়িয়ার হালইসার গ্রামের মোসলেম সরদারের ছেলে নুরুল ইসলাম সরদার (৪৫), পাচঁগাও গ্রামের লিটন কাজীর ছেলে মো. মাহিন (৬), পূর্ব নড়িয়ার আবুল কাশেম ব্যাপারীর ছেলে পায়েল আক্তার (১৩), শরীয়তপুরের পূর্ব কোটাপাড়া গ্রামের অলিউল্লাহ খানের ছেলে অধ্যাপক আসাদুজ্জামান (২৮), ভেদরগঞ্জের মধ্য কান্দির আব্দুল হামিদ মৃধার ছেলে রতম মৃধা (৩৫), চরঘাট গ্রামের মিরচান মোল্লার ছেলে সিরাজুল হক (৫৫), জমিরঢালী কান্দির আব্দুর রহমানের মেয়ে আফসানা আক্তার (১৮), নড়িয়ার বৈশাখী পাড়া গ্রামের সোনা মিয়া মুন্সীর মেয়ে লিপি আক্তার (১৮), ভেদরগঞ্জের চর ভাটা গ্রামের  ইমান ছানির ছেলে খলিল মিয়া (২৮), নড়িয়ার গোয়ালমাথার রিয়াজউদ্দিন ঢালীর ছেলে আনোয়ার হোসেন ঢালী (৪৬), সুরেশ্বরের আরমান হোসেনের ছেলে মুন্না মিয়া (২৮) ও মাদারীপুরের কালকিনি উপজেলার দরিচর গ্রামের প্রয়াত ফালান সরদারের ছেলে আনসার উদ্দিন সরদার (৬০)।

এদেরমধ্যে সবশেষ লাশটি উদ্ধার করা হয় সন্ধ্যায়।