শেষ দফায় ১২ উপজেলায় ভোটগ্রহণ শেষ
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১২ উপজেলায় ভোটগ্রহণ শেষে গণনা চলছে ।
এই ১২টি উপজেলা হলো- রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা উপজেলা, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা, বরগুনার তালতলি উপজেলা, রাজবাড়ীর কালুখালী উপজেলা, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল উপজলা, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা।
এসব উপজেলায় ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এদিন ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়ও চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট শুরু হয়েছে।
ভোটের সকালে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সদর উপজেলায় ভোটগ্রহণ চলছে বলে রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে উপজেলার ৪৪টি কেন্দ্রের ২৯০টি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।”
আগের কয়েক ধাপে ভোটের সময় সহিংসতা ও গোলযোগের মাত্রা বেশি থাকলেও ষষ্ঠ ধাপের এই উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্ব প্রায় গোলযোগহীন হলেও তার পরের তিনটি পর্বে সহিংসতা ধারাবাহিকভাবে বাড়ে, সব মিলিয়ে নিহত হন সাতজন। পঞ্চম পর্বে গোলযোগ-সহিংসতা না থাকলেও অনিয়মের অভিযোগ ছিল বেশ।
গোলযোগ এড়াতে ‘পর্যাপ্ত’ ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম জানান, ১২ উপজেলার সাত শতাধিক কেন্দ্র ও নির্বাচনী এলাকায় ২০ হাজারেরও বেশি আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।
তিনি বলেন, “আমি আশ্বস্ত করছি, শেষ ধাপের এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। এজন্য সব ব্যবস্থা নিশ্চিত করেছি আমরা।”
এবার উপজেলার সংখ্যা কম হওয়ায় প্রতিটি উপজেলায় পর্যাপ্ত সংখ্যায় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে বলে জানান তিনি।
আগের নির্বাচনগুলোতে প্রতি কেন্দ্রে তিন থেকে চার জন পুলিশ মোতায়েন করা হলেও এবার ঝুকিপূর্ণ নয় এমন কেন্দ্রেও নয় থেকে ১০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
গত ১৬ এপ্রিল ১৪টি উপজেলার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দীন আহমদ। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন পিছিয়ে পড়ছে।
গত পাঁচ পর্বে দেশের ৪৮৭ উপজেলার মধ্যে ৪৫৯টিতে নির্বাচন হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ২৩৪ জন, বিএনপি সমর্থিত ১৬২ জন প্রার্থী বিজয়ী হন। এছাড়া জামায়াতে ইসলামীর ৩৫, জাতীয় পার্টির তিন, জেএসএসের আট, ইউপিডিএফের চার, এলডিপির এক এবং নির্দলীয় ও অন্যান্য ১২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্বের ভোটে তেমন কোনো গোলযোগ না হলেও পরবর্তী চার ধাপে সহিংসতা ও গোলযোগ হয়। এসময় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ দেশের বাইরে থাকায় এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
প্রথম পর্বে ৬২ দশমিক ৪৪ শতাংশ, দ্বিতীয় পর্বে ৬৩ দশমিক ৩১ শতাংশ, তৃতীয় পর্বে ৬৩ দশমিক ৫২ শতাংশ, চতুর্থ পর্বে ৫৬ দশমিক ১২ শতাংশ ও পঞ্চম পর্বে ৬০ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়ে।
