২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবহেলায় মৃত্যুর অভিযোগ, রোগীর স্বজনদের ‘মারধর’

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ তোলায় রোগীর স্বজনদের ‘মারধর’ করেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:00 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

রোববার বেলা ১২টার দিকে হাসপাতালের অর্থোপেডিক বিভাগে এ ঘটনা ঘটে।

তবে চিকিৎসকদের দাবি, রোগীর স্বজনরা এক চিকিৎসককে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শী ও অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন এক রোগীর স্বজন সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রেজাউল করিম সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ করলে এক চিকিৎসকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মারধর করেন।

খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ছুটে এলে তাদের উপরও চিকিৎসকরা চড়াও হওয়ার চেষ্টা করেন বলে জানান সাইফুল।

রেজাউলের বড়ভাই সেলিম মিয়া জানান, গত ১৩ মে মোটরসাইকেল দুর্ঘটনায় রেজাউলের পা ভেঙে যায়। তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে বার বার চিকিৎসকদের খোঁজ করেও কাউকে পাওয়া যায়নি। সকালে এক চিকিৎসক এসে রক্তের ব্যবস্থা করতে বললে তারা রক্ত সংগ্রহ করেন। এর মধ্যেই তার ভাইয়ের মৃত্যু হয়।

রেজাউলের ভাইয়ের স্ত্রী কনা বেগম বলেন, একজন সুস্থ মানুষ কীভাবে হঠাৎ মারা গেল চিকিৎসককের কাছে তা জানতে চায় ভাগ্নে মাহমুদ আল আজাদ। এতে ক্ষিপ্ত হয়ে ৫০/৬০ জন চিকিৎসক তাদের সবাইকে মারধর করে ওয়ার্ডে আটকে রাখে।

হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, রোগী শারীরিকভাবে সুস্থ ছিল। শনিবার রাতে তার শ্বাস কষ্ট দেখা দেয় এবং সকালে তার মৃত্যু হয়।

রোগীকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে তিনি অভিযোগ করেন, তারপরও রোগীর স্বজনরা চিকিৎসক শহিদুল ইসলামকে মারধর করে। এনিয়ে  শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে মৃত ব্যক্তির স্বজনদের কথা কাটাকাটি হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মাহমুদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন হাসপাতালের পরিস্থিতি শান্ত।

লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।