২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে হত্যার দায়ে বনদস্যুসহ ৪ জনের মৃত্যুদণ্ড

সুন্দরবনে এক মৎস্য ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 03:36 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান  রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাট সদরের ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার আলী তরফদার ওরফে পরাণ (৪৮), বনদস্যু সর্দার রামপাল উপজেলার কাটাখালী গ্রামের বজলুর রহমান গাজীর ছেলে বাবুল গাজী ওরফে বাবুল, রনজয়পুর গ্রামের কদম আলীর ছেলে বাচ্চু এবং সদরের কালিয়া গ্রামের হাজী নওয়ার আলী শেখের ছেলে কালাম ওরফে কামাল শেখ।

এদের মধ্যে আতাহার আলী তরফদার ছাড়া সবাই পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, সদরের কালিয়া গ্রামের কাসেম শেখের ছেলে শহীদুল শেখ, কাশিমপুর গ্রামের আরব আলী শেখের ছেলে ইশারাত শেখ, কালিয়া গ্রামের মাজেদ মোল্লার ছেলে ফরহাদ মোল্লা, ইসরাফিল ডাকুয়ার ছেলে শানু ডাকুয়া, পিসি ডেমা গ্রামের এখলাস শেখের ছেলে ফারুক ওরফে ফারুক মাস্টার এবং  রামপালের তেলিখালী গ্রামের রাহেন উদ্দিন শেখের ছেলে আব্দুল হাকিম শেখ।

যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে শানু ও হাকিম ছাড়া সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত ছয় আসামিদের প্রত্যেককে কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড এবং আরেকটি ধারায় আসামিদের প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে।

এছাড়া মামলা চলাকালে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে বাগেরহাটের সরকারি কৌঁসুলি শেখ মোহম্মদ আলী বলেন, ১৯৯৮ সালের ১৯ নভেম্বর বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হাওলাদার মাছের পোনা আহরণের জন্য রফিকুল ইসলাম ও শুকুর আলীকে সঙ্গে নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের জিউধরা ফরেস্ট স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যান।

তিনি সুন্দরবনের গোটাবাড়িয়া খাল এলাকায় পৌঁছে বনদস্যু বাবুল গাজীসহ ১০-১৫ জনকে আগ্নেয়াস্ত্রসহ দেখতে পান। তখন তিনি বাবুলের নাম ধরে ডাক দিলে বাবুল ক্ষুব্ধ হয়ে তার কাছে থাকা একনলা বন্দুক দিয়ে ইলিয়াসকে গুলি করলে তার সঙ্গে থাকা অপর দুই সঙ্গী নৌকা থেকে লাফিয়ে সাঁতরে দূরে গিয়ে অবস্থান নেন।

বনদস্যু বাবুল ও তার সঙ্গীরা ইলিয়াসের গুলিবিদ্ধ লাশ নিয়ে সুন্দরবনে বসে টুকরা টুকরা করে খালে ভাসিয়ে দেয়। পরদিন  সঙ্গীরা এলাকায় ফিরে পরিবারকে জানালে ইলিয়াসের ছেলে সাইফুজ্জামান প্রিন্স বাদী হয়ে মংলা থানায় ২৫ নভেম্বর বাবুলসহ ১১ জনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বাগেরহাট কার্যালয়ের তৎকালীন পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম তদন্ত শেষে ২০০২ সালের ৪ মে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।