গাজীপুরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৫
গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে অপহরণের ১২ ঘণ্টা পর মুক্তিপণের টাকা নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে অপহরণকারী চক্রের পাঁচ জন।
পাশাপাশি শনিবার রাত ৮ টার দিকে উপজেলার রসুলপুর এলাকার একটি আম বাগানের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃতকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার এসআই রাজিব খান।
অপহৃত আব্দুল্লাহ আল কায়সারের (৩৬) গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাই গ্রামে। ঠিকাদারী ব্যবসার কারণে তিনি দীর্ঘ দিন ধরে কালিয়াকৈরের হরতকীতলা এলাকায় শ্যামন মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাড়ি ওয়ালা শ্যামন মিয়া (২৫), রসুলপুর এলাকার সৈয়দ মুন্না রিজভী (২১), একই এলাকার আড়ং খান (২৩), হাবিবুর রহমান (২৩) ও সৈয়দ রহাত হোসেন (২৩)।
কায়সারের স্ত্রী তাজনুবা খানম পুলিশকে জানান, শনিবার সকাল ৮ টার দিকে তাদের বাড়িওয়ালা শ্যামনসহ আরো চারজন মিলে তার স্বামীকে জরুরি কাজের কথা বলে বাসার পাশ থেকে ডেকে নিয়ে যায়।
পরে তারা কায়সারের মোবাইল থেকে তাজনুবাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এসআই রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে তাজনুবা তিন লাখ টাকা দেওয়ার জন্য চন্দ্রা এলাকায় যান। এ সময় টাকা নিতে এসে শ্যামনকে ধরে ফেলে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই ওই জঙ্গল থেকে কায়সারকে উদ্ধার করা হয় এবং আরো চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কায়সারের স্ত্রী তাজনুবা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।
