চট্টগ্রামে জিপিএ-৫ দুই বছরে বেড়ে দ্বিগুণ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুই বছরের ব্যবধানে দ্বিগুনের বেশি বেড়েছে।
শনিবার প্রকাশিত ২০১৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী।
২০১২ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ১৩১ জন। পরের বছর জিপিএ-৫ পায় সাত হাজার ৩৫৮ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০১২ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ৮২৪ জন শিক্ষার্থী । ২০১৩ সালে ছিল পাঁচ হাজার ৪৭। সর্বশেষ এবছর বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ৩৯১ জন।
২০১২ সালে মানবিকে জিপিএ-৫ পেয়েছিল ৩৫ জন। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৫ জনে। ২০১৪ সালে আরো বেড়ে হয়েছে ১১৬ জন।
এবছর ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৩৭৭ জন। তার আগের বছর জিপিএ-৫ পায় দুই হাজার ২৫৬ জন। ২০১২ সালে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পায় এক হাজার ২৭২ জন।
এবিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যালয়ে লেখাপড়ার মান ভালো হওয়া এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি- মূলত এদুই কারণে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে।
২০১২ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৫ হাজার ৭৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ২০১৩ সালে পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ৩৬৭। চলতি বছর মোট পরীক্ষার্থী ৯১ হাজার ৮৪৭ জন।
বরাবরের মত পিছিয়ে তিন পার্বত্য জেলা :
বরাবরে মতই তিন পার্বত্য জেলার পাসের হার এবারো চট্টগ্রাম মহানগর ও জেলার তুলনায় কম।
চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৯৫ দশমিক ৬০ শতাংশ। মহানগর বাদে জেলার পাসের হার ৯১ দশমিক ৭০ শতাংশ। মহানগরসহ জেলার পাসের হার ৯৩ দশমিক ২৮ শতাংশ।
অন্যদিকে তিন পার্বত্য জেলায় কোনটিরই পাসের হার ৯০ শতাংশে পৌঁছেনি। এর মধ্যে রাঙ্গামাটি জেলায় পাসের হার গতবারের তুলনায় কমেছে।
রাঙ্গামাটিতে এবার পাসের হার ৮০ দশমিক ১৫ শতাংশ। গতবার এ জেলায় পাসের হার ছিল ৮২ দশমিক ২৩ শতাংশ।
খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৩ দশমিক ১৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭৫ দশমিক ১১ শতাংশ।
তিন পার্বত্য জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার বান্দরবান জেলায় ৮৬ দশমিক ২৮ শতাংশ। গতবার এ হার ছিল ৭৯ দশমিক ৯২ শতাংশ।
পীযূষ দত্ত বলেন, পার্বত্য এলাকায় শিক্ষক সংকট রয়েছে। পাশাপাশি দুর্গম এলাকা হওয়ায় শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে নিয়মিত ক্লাশও করতে পারে না।
“শহর এলাকায় যেভাবে শিক্ষার্থীরা সুযোগ-সুবিধা পায় সেটা অর্থনৈতিক ও প্রাকৃতিক কারণেই পার্বত্য এলাকার শিক্ষার্থীরা পায় না।”
