২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে পাশের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 01:23 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারে পাস করেছে ৯১ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী, গতবারের চেয়ে এ হার তিন দশমিক ৩৬ শতাংশ বেশি।

গতবারে এ বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ০৪ শতাংশ। পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

শনিবার সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত।

তিনি জানান, ২০১৪ সালে ৯১ হাজার ৮৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ৮৩ হাজার ৯৪৬ জন পরীক্ষায় পাস করেছে।

জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী, যা গতবছর ছিল সাত হাজার ৩৫৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ আরো জানান, বিজ্ঞান বিভাগে এবছর পাসের হার ৯৩ দশমিক ৮৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৯২ দশমিক ৯৪ শতাংশ এবং মানবিকে ৮৫ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৯১ জন, ব্যবসায় শিক্ষায় তিন হাজার ৩৭৭ জন এবং মানবিকে ১১৬ জন জিপিএ-৫ পেয়েছে।

পরীক্ষায় ফলাফলকে সন্তোষজনক দাবি করে পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ বলেন, অষ্টম শ্রেণিতে জেএসসি পরীক্ষা পদ্ধতি চালু এবং অভিবাবকের সচেতনতার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালো হয়েছে।