আজমিরীগঞ্জে নৌকাডুবি, মা-ছেলেসহ নিহত ৩
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুদালিয়া নদীতে ঝড়ে নৌকা ডুবে মা ও ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার জলসুখা গ্রামের কুদালিয়া নদীতে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জলসুখা মীরহাটি গ্রামের আব্বাস মিয়ার স্ত্রী মাকসুদা খাতুন (৫৫), তার ছেলে এরশাদ মিয়া (৩০) ও মাকসুদার বোন শিবপাশা গ্রামের জবেদা খাতুন (৭০)।
আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী জানান, বিকালে উপজেলার বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। এ সময় জলসুখা গ্রামের মাকসুদা, তার ছেলে এরশাদ ও বোন জবেদা খাতুন বাড়ির পাশে খলায় ধান শুকাচ্ছিল।
হঠাৎ ঝড়-বৃষ্টিসহ বজ্রপাত হলে নিহতরা খলার পাশে কুদালিয়া নদীতে তাদের নৌকায় গিয়ে আশ্রয় নেন। এক পর্যায়ে প্রচণ্ড ঝড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। বৃষ্টি থামলে স্বজনরা নৌকায় তল্লাসি চালিয়ে তিন জনের লাশ উদ্ধার করে।
