২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিকে জামায়াতের অভিনন্দন

লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ জয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 03:21 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শুক্রবার দুপুরে এক সংবাদ বিবৃতিতে ভারতের হবু প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

বিবৃতিতে তিনি বলেন, “ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা

লাভ করায় আমি নরেন্দ্র মোদী ও বিজেপি জোটের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি।

“আমি আশা করি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি জোট এনডিএ সরকার গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক

মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করবে।

জামায়াত বরাবর ভারতের সঙ্গে ‘সৎ প্রতিবেশীসুলভ’ ও ‘সমমধ্যতার’ ভিত্তিতে সম্পর্ক রক্ষায় আগ্রহী উল্লেখ করে মকবুল বলেন, “জামায়াত বিশ্বাস করে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তা সমমর্যাদার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

“ভারতের নরেন্দ্র মোদী সরকারের নিকট বাংলাদেশের জনগণ সে প্রত্যাশাই করে।”

এর আগে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এই এনডিএ জোট। নরেন্দ্র মোদি জোটের প্রধানমন্ত্রী প্রার্থী।

সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে ভারতীয় নির্বাচন কমিশনের দেয়া সর্বশেষ ফলাফল অনুযায়ী এনডিএ জোটের প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ২৭০টি আসনে। সরকার গঠনের জন্য ২৭২টি আসনে জয় পেতে হবে।

ধারণা করা হচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এই জোট তিনশ’র বেশি আসনে জয় পাবে।