মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুজন হয়েছেন।
নিহতরা ওই অটোরিকশার চালক ও যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার কেওটখালীতে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে কেউটখালীতে ঢাকা থেকে মাওয়াগামী রডবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি অটোরিকশাটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক ও এক আরোহী নিহত হন।
দুর্ঘটনার পর ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে ট্রাক ও অটোরিকশা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
