ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: কাদের
ভারতে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ভারতে যে সরকারই আসুক সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে দুই দেশ কাজ করে যাবে।
বহস্পতিবার সিলেটের কাজিরবাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভারতে ক্ষমতা পরিবর্তনের আভাস মেলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলার প্রায় একই সময়ে একথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাংলাদেশের নিজের স্বার্থে প্রতিবেশি দেশ হিসেবে দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।
“সীমান্তবিরোধ, তিস্তার পানি সমস্যা ও ছিটমহল সমস্যা সমাধানে ভারত সরকারের সাথে আলোচনা চলছে। ভারতে নতুন সরকার আসলেও এসব সমস্যা নিয়ে আলোচনা চলবে।”
সাম্প্রতিক সময়ে অপহরণ, গুম ও খুনের ঘটনা সরকারের জন্য স্বস্তিকর নয় বলে উল্লেখ করেন তিনি।
এসব ঘটনার পেছনে কারো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন যোগাযোগমন্ত্রী।
তিনি বলেন, “যে কোন অঘটন ঘটানোর আগে এ ধরনের পরিস্থিতি সষ্টি করা হয়। গুম, খুন ও অপহরণকারীদের কোনভাবেই ক্ষমা করা যাবে না। এসব ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।”
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
