ফরিদপুরে দুই সেনা সদস্যকে মারপিট
ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে স্বজনদের ডাক্তার দেখাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সেনা সদস্য দুই সহোদর।
এরা হলেন- সৈয়দপুর ক্যাম্পের সার্জেন্ট শহিদুল ইসলাম ও তার ছোটভাই চট্টগ্রামে কর্মরত সেনা সদস্য বেলায়েত হোসেন। তাদের বাড়ি সদরপুর উপজেলার মুজমদার বাজারে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ওই হাসপাতালের কর্মীরা তাদের মারধর করেন বলে শহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, বিকেলে বাড়ি থেকে ছেলে আবদুল্লাহ খান (২), বোন চম্পা বেগম ও তার মেয়ে মোহনা (৪) ও ছোট ভাই বেলায়েতকে নিয়ে ফরিদপুর আরোগ্য সদন হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন।
দীর্ঘ সময় অপেক্ষার পর আব্দুল্লাহ ও মোহনাকে ডাক্তার দেখাতে রাত ৮টা বেজে যায়। এরপর ছোট ভাই বেলায়েতকে হাসপাতালের ডা. ইউসুফ আলীকে দেখানোর জন্য সিরিয়ালে নাম লেখান।
“কিন্তু কোনো নিয়ম কানুন না মেনে উৎকোচের বিনিময়ে সিরিয়াল আমন্য করে চিকিৎসকের সহযোগী হাসান তার ইচ্ছামত রোগীদের ডাক্তার দেখাচ্ছিল।এসময় সঙ্গের দুই শিশু বাড়ি ফেরার জন্য কান্নাকাটি শুরু করলে আমি চিকিৎসকের সাথে কথা বলতে চাইলে হাসান তাতে বাধা দেয়।
“তার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোটভাই বেলায়েতকে ধাক্কা মেরে ফেলে দেয় হাসান। এতে সে পড়ে গেলে বাঁ পায়ে চোট পায়। পরে সে ধাক্কা দিলে হাসানও পড়ে গিয়ে মাথায় আঘাত পায়।”
এ ঘটনার জের ধরে হাসপাতালের মালিকপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারী মিলে ১০/১২ জন তাদের দুই ভাইয়ের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে বলে প্রত্যক্ষদর্শী রোগী ও তাদের স্বজনরা জানান।
প্রত্যক্ষদর্শী রোগী নগরকান্দার তোতা মিয়া বলেন, “মারপিট করার সময় শহিদুলের কোলে থাকা শিশুটি তার বাবাকে বাঁচাতে চিৎকার করছিল। তারপরও শিশু সন্তান কোলে থাকাবস্থায় সন্ত্রাসী স্টাইলে হাসপতাল কর্তৃপক্ষ তাকে মারপিট করে।”
এসময় অন্য রোগী ও স্বজনরা হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু করেন। কেউ কেউ হাসপাতাল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে এস আই মিরাজ হোসেন বলেন, “আহত রোগীর স্বজনদের থানায় অভিযোগ করতে বলেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।”
হাসপাতালের ম্যানেজার মিজানুর রহমান মিজান বলেন, “আমরা রোগীদের পেটাইনি, বরং তারাই আমাদের পেটাইছে।
“আমাদের কোনো স্টাফ কারো গায়ে হাত তোলেনি। ধ্বস্তাধস্তিতে কেউ আঘাত পেতে পারে।”
