২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবক্ষেত্রে বাংলা: সরকারি দপ্তরের সময় ১৫ দিন 

সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে ১৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সময় বেধে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 12:23 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়।

আইনজীবী ইউনুস আলী আকন্দের করা একটি রিটের প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি হাই কোর্টের একটি বেঞ্চ দূতাবাস, বিদেশি সংস্থা  ছাড়া সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সব সরকারি দপ্তরের নামফলক বাংলায় লেখার নির্দেশ দেয়।

পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়।

এক মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করতে বিবাদীদের নির্দেশ দেয়া হয়েছিল।

কিন্তু আদালতের নির্দেশনা প্রতিপালন না করায় বিবাদীদের বিরুদ্ধে রিটকারী আইনজীবী আদালত অবমাননার অভিযোগ আনলে ২৯ এপ্রিল হাই কোর্ট সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের নির্দেশনা বাস্তবায়ন করে ১৫ মে’র মধ্যে প্রতিবেদন দিতে বলে।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, “বাংলা ভাষা প্রচলনে হাই কোর্টের নির্দেশনা সরকারি অফিসগুলোতে আগামী ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় তাদের অধীনস্থ দপ্তর, অধিদপ্তর ও সংস্থার অগ্রগতি প্রতিবেদন আমাদের জানাবে।”

“সব মন্ত্রণালয়কে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানাতে হবে। নির্দেশনা বাস্তবায়নে কারো অসুবিধা থাকলে তাও আমাদের জানাতে হবে।”

১৫ দিন পর আরেকটি সমন্বয় সভা করে সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের নির্দেশনা বাস্তবায়নের পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও বাংলা ভাষার প্রচলনে তাগাদা দেয়া হবে, বলেন তিনি।

গণমাধ্যমে বাংলা ভাষার প্রচলনে তথ্য সচিবকে বলা হয়েছে উল্লেখ করে কামাল নাসের বলেন, তথ্যসচিব সমন্বয় সভা করে হাই কোর্টের আদেশ প্রতিপালনে ব্যবস্থা নেবেন।

পুরনো খবর:

সর্বত্র বাংলার প্রচলন চেয়ে হাই কোর্টে রিট
সাইন বোর্ড, নম্বর প্লেট বাংলায় লেখার নির্দেশ
সর্বত্র বাংলা: সময় দিয়ে আদালতের ভর্ৎসনা