সর্বত্র বাংলার প্রচলন চেয়ে হাই কোর্টে রিট
২৭ বছর কেটে গেলেও বাংলা ভাষা প্রচলন আইন বাস্তবায়ন না হওয়ায় উচ্চ আদালতেরে দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী।
রোববার সকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চে রিট আবেদনটি করেন ইউনুস আলী আকন্দ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৮৭ সালের মার্চে পাস হওয়া ওই আইন বাস্তবায়নের জন্য রিট আবেদনটি আমি আদালতে উপস্থাপন করেছি। উপস্থাপনের পর আদালত তা শুনানির জন্য গ্রহণ করেছে।”
সোমবার আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানান এই আইনজীবী।
আবেদনটি সরাসরি আদালেতে দেয়ায় আদেশের পর তা সংশ্লিষ্ট শাখায় নম্বরের জন্য যাবে।
রিটে ১৯৮৭ সালের বাংলা ভাষা প্রচলন আইন বাস্তবায়নে সরকারের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, মর্মে রুল চাওয়া হয়েছে।
পাশপাশি দেশের সর্বত্র ওই আইন অনুসরণ এবং আইনের ৪ ধারা অনুসারে বিধি প্রণয়নে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয়।
প্রয়োজন অনুসারে এক বা একাধিক সার্কুলার/বিধি করে বিদেশের সঙ্গে যোগাযোগ ছাড়া বাংলাদেশের সর্বত্র সরকারি অফিস-আদালত, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলী বাংলা ভাষায় লিখতে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্কৃতি সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক ও সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রারকে বিবাদি করা হয়েছে।
আইনে বলা আছে, এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্র তথা সরকাররি অফিস, আদালত, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগত কার্যাবলী অবশ্যই বাংলায় লিখিতে হইবে। “উল্লেখিত কোন কর্মস্থলে যদি কোন ব্যক্তি বাংলা ভাষা ব্যতীত অন্য কোন ভাষায় আবেদন বা আপীল করেন তাহা হইলে উহা বেআইনী ও অকার্যকর বলিয়া গণ্য হইবে।”
“যদি কোন কর্মকর্তা বা কর্মচারী এই আইন অমান্য করেন তাহা হইলে উক্ত কার্যের জন্য তিনি সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধির অধীনে অসদাচরণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং তাহার বিরুদ্ধে সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হইবে।”
রিটে বলা হয়, আইন প্রণয়নের এতদিন হলেও সরকারি কর্মকর্তা বা কর্মচারিরা এই আইন ঢালাওভাবে অমান্য করলেও এপর্যন্ত কারো বিরুদ্ধে সরকারি শৃংখলা ও আপিল বিধি অনুসারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ জন্য আইনটি বাস্তবায়নে উচ্চ আদালতের আদেশ প্রয়োজন।
