বিচারের বিষয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলেন উপদেষ্টা
রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন নারায়ণগঞ্জের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মায়’ কূটনীতিকদের জন্য সরকারের ধারাবাহিক ব্রিফিংয়ের প্রথম দফায় এই আশ্বাস দেন তিনি।
ব্রিফিংয়ে ১৩ দেশের কূটনীতিকদের ৫ জানুয়ারির নির্বাচনের পরের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে এইচটি ইমাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাই তার বক্তব্যে বেশি গুরুত্ব পায়। ওই ঘটনায় র্যাব সদ্স্যদের জড়িত থাকার অভিযোগ করেছেন নিহতদের পরিবার।
অভিযোগের মুখে থাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা ও র্যাব-১১ এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও বাহিনীর আরো দুই কর্মকর্তাকে এরইমধ্যে সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো হয়েছে।
ফাইল ছবি
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেন, “এই ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই থাকুক না কেন, তাদের শাস্তি নিশ্চিত করার ব্যাপারে সরকার অটল রয়েছে।”
এই ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ‘দোষী প্রমাণিত’ হলে তাদের বিচারে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সাত খুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি, গোয়েন্দা পুলিশ ও সিআইডির কমিটি, গণশুনানি, অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের চাকরিচ্যুত করা এবং তাদের গ্রেপ্তারের পদক্ষেপ নেয়া ও র্যাবের নিজস্ব তদন্ত কমিটি গঠনসহ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, রাশিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, হলি সি, ইউএনআরসির প্রতিনিধিরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
