মানিকগঞ্জে যুবকের লাশ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বালিয়াবাধা গ্রামের একটি ভূট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আকতার হোসেন (৩৫) ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
ঘিওর থানার ওসি শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় বালিয়াবাধা বাজারের কথা বলে বাড়ি থেকে বের হন আকতার। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
সকালে গ্রামের একটি ভূট্টা ক্ষেতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এই ঘটনায় আকতারের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে ঘিওর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
