লালমনিরহাটের এসপি-ওসিকে হাই কোর্টে তলব
নির্বাচনী সহিংসতায় শ্লীলতাহানির শিকার এক গৃহবধূকে নিয়ে পুলিশের প্রতিবেদনে দুই রকম তথ্য থাকায় লালমনিরহাটের পুলিশ সুপার ও সদর থানার তৎকালীন ওসিকে তলব করেছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ আগামী ৩ জুন তাদেরকে আদালতে হাজির থাকতে নির্দেশ দেয়।
আদালতে রিট আবেদনকারী আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ছিলেন আইনজীবী আবু ওবায়দুর রহমান ও অবন্তী নুরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
নিজস্ব একটি তদন্ত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা আবেদনের শুনানি করে গত ৩ মার্চ রুল দিয়েছিল হাই কোর্ট।
পাশাপাশি শ্লীলতাহানি এবং পরবর্তী ঘটনাপ্রবাহ তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়।
ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, “আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদনে দুই ধরনের তথ্য দেয়া হয়েছে। তাই এ বিষয়ে জানতে লালমনিরহাটের এসপি ও সদর থানার তৎকালীন ওসিকে তলব করা হয়েছে।”
আবেদনের সঙ্গে যুক্ত করা আসকের প্রতিবেদনে বলা হয়, সামসুল নামে এক ব্যক্তি ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে ভোট না দিতে ওই নারীকে বলে। তবে ওই নারী ভোট দেখতে কেন্দ্রে গিয়েছিলেন। এরপর ৭ জানুয়ারি ওই নারীকে তুলে নিয়ে তার শ্লীলতাহানি করা হয়।
এরপর ওই নারী স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে বিচার চাইলেও তারা বিচার করতে অস্বীকার করে বলে আসকের প্রতিবেদনে বলা হয়।
পরে ওই নারী থানায় অভিযোগ করলে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ওসি মীমাংসার কাগজে স্বাক্ষর নেয়।
আসক জানায়, নির্যাতিত ওই নারী এখন তার দুই মেয়েকে নিয়ে বাড়ি বিক্রি করে এলাকা ছাড়তে চাচ্ছেন।
