২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক কাদেরকে খুনে আরেক কাদেরের যাবজ্জীবন

ব্যবসায়ী আব্দুল কাদের হত্যা মামলায় আরেক আব্দুল কাদেরকে (মোবাইল কাদের) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ, নিম্ন আদালতে যার মৃত্যুদণ্ডাদেশ হলেও হাই কোর্টে খালাস পেয়েছিলেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 04:42 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বাদীপক্ষের আপিলের শুনানি করে বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।

রায়ে মোবাইল কাদেরকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়।

পাশাপাশি খালাস দেয়া হয় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি আবদুর রাজ্জাক ঠাণ্ডু ও আতাউর রহমানকে।

আদালতে বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।

আসামিপক্ষে ছিলেন মো. মুনসুরুল হক চৌধুরী, আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু।

২০০১ সালের ১৭ অক্টোবর রাজধানীর মতিঝিলে সোনারগাঁও চিংড়ি প্রকল্পের কার্যালয়ে খুন হন ব্যবসায়ী আবদুল কাদের।

ওই ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ ইউসুফ মামলা করলে ২০০৪ সালের ২৯ জানুয়ারি বিচারিক আদালতে ওই মামলার রায় হয়।

রায়ে মোবাইল কাদের, তার ভাই মাসুদ রানা ওরফে লরেন্স, জাহাঙ্গীর হোসেন, শফি, আবদুর রশিদ ওরফে লিঙ্কন, বজলুর রহমান ওরফে বজলু ও জানে আলমকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

এছাড়া ইকবাল হোসেন, আতাউর রহমান, আবদুর রাজ্জাক ঠাণ্ডু ও শামীম আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ এবং কারাগারে থাকা সাজাপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শেষে ২০০৭ সালের ২৫ নভেম্বর হাই কোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবাইল কাদের ও যাবজ্জীবনপ্রাপ্ত ঠাণ্ডুকেও খালাস দেয়।

হাই কোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে মামলার বাদী আপিল বিভাগে আপিল করার অনুমতি চান। আপিলে তারা আতাউর রহমানেরও মৃত্যুদণ্ড চান।

গত বছর ২১ মার্চ আপিল বিভাগ আপিলের আবেদন মঞ্জুর করে। এরপর আপিলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেয় হয়।