২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে মারধর: জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিককে আটকে রেখে মারধরের ঘটনায় জড়িত চিকিৎসকদের প্রেপ্তারের ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের ফোরাম ‘বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 01:48 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

ডেকে নিয়ে সাংবাদিক পেটালো ডাক্তাররা

সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের সঙ্গে দেখা করে তারা এ আল্টিমেটাম দেয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাজারীবাগের জেড এইচ শিকদার উইমেন’স মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে ব্যাপক মারধর করে কয়েকজন চিকিৎসক ও সহকারী।

শিশির ওই হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. সফিউল আজমের পদবি নিয়ে অনুসন্ধান চালানোয় ক্ষিপ্ত হয়ে এ হামলা চালানো হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে দেয়া স্মারকলিপিতে দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি কথায় কথায় চিকিৎসকদের ধর্মঘট বন্ধে আইন প্রণয়ন, মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

এ সময় মন্ত্রী সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, চিকিৎসক ও সাংবাদিকরা যার যার অবস্থানে গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনা কাম্য নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইন রয়েছে। সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া যায়।

পাশাপাশি তিনি সংবাদ সংগ্রহের কারণে যেন রোগীদের সমস্যায় পড়তে না হয় সেদিকে খেয়াল রাখতে সাংবাদিকদের অনুরোধ করেন।

একই সময় সচিবালয়ে উপস্থিত জাহেদুল হক বসুনিয়া সাংবাদিকদের বলেন, “মঙ্গলবারের ঘটনার ব্যাখ্যা চেয়ে সিকদার মেডিকেলের প্রিন্সিপলকে চিঠি দেয়া হয়েছে।”

সম্প্রতি সাংবাদিকদের ওপর চিকিৎসকদের হামলার ঘটনা বেড়ে গেছে।

কয়েক সপ্তাহ আগে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ সম্পর্কে জানতে গেলে সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পেটায়। একই ঘটনা ঘটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মিটফোর্ড হাসপাতালেও।

তবে সোমবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে চিকিৎসকদের বিরুদ্ধে প্রচারণার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন।

তারা বুধবার একঘণ্টার কর্মবিরতি পালন করেছেন এবং বৃহস্পতিবার দু’ঘণ্টার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বারে বসবেন না।