২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকে নিয়ে সাংবাদিক পেটালো ডাক্তাররা

রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের একদল চিকিৎসক এক সাংবাদিককে দু’ঘণ্টা ধরে আটকে রেখে পিটিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 08:21 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাজারীবাগের জেড এইচ শিকদার উইমেন’স মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে এই ঘটনা ঘটেছে।

ওই হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. সফিউল আজমের পদবি নিয়ে অনুসন্ধান চালানোয় তিনি ক্ষিপ্ত হয়ে সদলবলে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে পিটিয়ে গুরুতর আহত করেন।

‘অনধিকার চর্চা’ হয়েছে মর্মে- শিশিরের কাছ থেকে মুচলেকা নিয়ে দুঘণ্টা পর তাকে ছেড়ে দেন তারা। আহত সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল থেকে শিশির মোড়ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত তাকে আটকে রেখে ‘নির্দয়ভাবে’ পেটান সফিউল ও তার সহকর্মীরা।

সফিউল একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় নিজেকে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পরিচয় দিয়ে সাইনবোর্ড লাগিয়ে চিকিত্সা দিচ্ছিলেন। এবিষয়ে জানতেই তিনি ওই হাসপাতালে গিয়েছিলেন।

সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেতে একজন চিকিৎসককে পাঁচ বছর অপেক্ষা করতে হয়।

শিশির মোড়ল জানান, তিনি জানতে পেরেছেন, সফিউল আজম সরকারি চাকরি না ছেড়ে পূর্ণকালীন হিসেবে শিকদার মেডিকেল কলেজেও কাজ করছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি ক্লিনিকেও বসেন ডা. সাইফুল, যেখানে তিনি নিজেকে একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল ও শিকদার মেডিকেলের সহযোগী অধ্যাপক হিসেবে পরিচয় দিয়েছেন।  

শিশির বলেন, “আমি তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি। এরপর তাকে এসএমএস পাঠালে তিনি অন্য নম্বার থেকে তার উত্তর দেন। অবশেষে তিনি আজ (মঙ্গলবার) আমাকে আসতে বলেন এবং তার সঙ্গে টেলিফোন অপারেটর আবু সুফিয়ানের মাধ্যমে আমার কথা হয়।

“কিন্তু যখন আমি তার রুমে (নীচতলা) গেলাম, তখন তিনি ও অপর দুই চিকিৎসক আমাকে তার ১০১ নম্বর কক্ষের ভেতরে আরেকটি কক্ষে নিয়ে মারতে শুরু করেন।

“পরে তাদের সঙ্গে আবু সুফিয়ানও যোগ দেন।”

তারা তাকে হুমকি দেন জানিয়ে শিশির বলেন, “নিজেকে ডা. সাজ্জাদ পরিচয় নিয়ে একজন বলেন, তিনি বরিশাল মেডিকেল কলেজে পড়তেন। ডাক্তার হওয়ার আগে তিনি গুলি করে মানুষ মেরেছেন।”

তার ফোন ও মানিব্যাগসহ সবকিছু কেড়ে নেয়ায় তিনি কাউকে কিছু জানাতে পারেননি উল্লেখ করে শিশির বলেন, “তারা আমাকে ৫০ টাকার একটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ছেড়ে দেয়ার সময় সবকিছু দিয়ে দেয়। ওই স্ট্যাম্পে লেখা ছিল, ‘আমি ভবিষ্যতে এ কাজ আর করব না। এটা আমার অনধিকার চর্চা ছিল।’

“আমি যতটুকু বুঝেছি, ঘটনাটি পরিকল্পিত ছিল।”

হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকে রেখে মারধরের অভিযোগে শিশির মোড়ল বাদি হয়ে সফিউল আজম ও তার সহযোগী আবু সুফিয়ানকে আসামি করে একটি মামলা করেছেন।

এবিষয়ে ডা. সফিউলের দুটি মোবাইল নম্বরে- ০১৬১৯৩১৮১০০, ০১৮১৯৩১৮১০০- যোগাযোগ করেও পাওয়া যায়নি।

শিকদার গ্রুপের পরিচালক (অপারেশন) এসকিউ ইসলাম মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কোনো ব্যক্তি চিকিৎসকের বিষয়ে দায় নেবেন না।

“এটা ম্যানেজমেন্টের কোনো বিষয় নয়। আমাদের এমডি দেশে না থাকায় ঘটনার খবর শুনেই আমি হাসপাতালে ছুটে গিয়েছি এবং ওই সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ওই চিকিৎসককে দুঃখ প্রকাশ করতে বাধ্য করেছি।

“তিনি বলেন, সরকার তদন্ত করে ওই ব্যক্তি সরকারি কর্মকর্তা থাকার প্রমাণ পেলে তারা ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

“কোনো চিকিৎসক যদি অসদাচরণ করেন তার দায় আমরা কেন নেব?”

বিশেষ প্রতিবেদক হিসেবে শিশির মোড়ল প্রথম আলোর স্বাস্থ্য বিষয়ক সংবাদ সংগ্রহ করেন।

এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নও এক বিবৃতিতে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

বিএসএমএমইউ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, আহতের শরীরে বিশেষ করে বুকে লাল ক্ষত দাগ রয়েছে।

বিশ্রামে থাকতে হলেও শিশিরের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানান তিনি।

সম্প্রতি সাংবাদিকদের ওপর চিকিৎসকদের হামলার ঘটনা বেড়ে গেছে। 

কয়েক সপ্তাহ আগে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ সম্পর্কে জানতে গেলে সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পেটায়। একই ঘটনা ঘটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মিটফোর্ড হাসপাতালেও।

তবে সোমবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে চিকিৎসকদের বিরুদ্ধে প্রচারণার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

তারা বুধবার একঘণ্টার কর্মবিরতি পালন করবেন এবং বৃহস্পতিবার দু’ঘণ্টার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বারে বসবেন না।

পুরনো খবর:

রামেকে চিকিৎসকদের হামলায় ১০ সাংবাদিক আহত