২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পরিবহন ধর্মঘট অব্যাহত

দ্বিতীয় দিনের মতো চলছে বাগেরহাট আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা পরিবহন ধর্মঘট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 11:06 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবারের পর বুধবার সকালেও বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে কোন বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে ১৬টি রুটের সব ধরনের যান চলাচল।  

চাঁদাবাজি ও হামলার মামলায় শ্রমিক নেতা মিনা হাসিবুল হাসান শিপনকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

শ্রমিক ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপথের যাত্রীরা।

মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তালুকদার আব্দুল বাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার সংগঠনের নেতা শিপনকে মুক্তি না দেয়া পর্যন্ত জেলার কোন বাস চালক গাড়ি চালাবে না।

বুধবার যদি তাকে মুক্তি না দেয়া হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকিও দেন তিনি।

এদিকে বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান জানান, মঙ্গলবার দুপুরের দিকে শ্রমিক নেতা শিপনকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। বুধবার আদালতে চাঁদাবাজি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার রাতে নিউ বসুন্ধরা রিয়েলস্টেট লিমিটেড নামে একটি জমি কেনাবেচা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. আবু জাফরের করা চাঁদাবাজির মামলার পরপরই গভীর রাতে গ্রেপ্তার করা হয় শ্রমিক নেতা মিনা হাসিবুল হাসান শিপন (৪২) ও ছিদ্দিকুর রহমানকে (৩৬)।

এদের মধ্যে শিপন বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি বাগেরহাট পৌর যুবলীগের সভাপতি এবং বাগেরহাট পৌর সভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন। ছিদ্দিকুর তাঁতীলীগের যুগ্মসম্পাদক।