কাউন্সিলরকে ‘হুমকি’, এসআই প্রত্যাহার
দিনাজপুর পৌরসভার এক কাউন্সিলরের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগে কোতোয়ালি থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, মঙ্গলবার এহসান আলীকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আব্দুল হানিফ দিলনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
কাউন্সিলর আব্দুল হানিফ দিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার তার ওয়ার্ডের খ্রিষ্টান পাড়ায় ইউএনডিপির অর্থায়নে রাস্তা নির্মাণের কাজ করার সময় এলাকার প্রশান্ত বর্মন, ডেভিড দাস ও জন রায়সহ কয়েকজন বাধা দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
ওই সময় সেখানে থাকা এসআই কুদ্দুস ও এসআই এহসান আলী এ ঘটনায় তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে দাবি করেন কাউন্সিলর।
কাউন্সিলর দিলন অভিযোগ করেন, এ সময় এসআই এহসান তাকে ধাক্কা দিয়ে বন্দুক উঁচিয়ে গুলি করার হুমকি দেন এবং থানায় নিয়ে যান। পরে এলাকার কয়েকশ’ নারী-পুরুষ ওই দিনই থানা ঘেরাও করলে পুলিশ তাকে ছেড়ে দেয়।
