বুদ্ধের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান
বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বাংলাদেশসহ সারা বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের এ ধর্মীয় উৎসব উদযাপন করতে যাচ্ছেন।
বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহানির্বাণ লাভ স্মরণে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধপূর্ণিমা উদযাপন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
বৌদ্ধ ধর্ম মতে প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেওয়া হয় 'বুদ্ধপূর্ণিমা'।
এ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশে সরকারি ছুটি।
ফাইল ছবি
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “মহামতি গৌতম বুদ্ধের বাণী ‘অহিংসা পরম ধর্ম’ আজও সমাজের জন্য সমভাবে প্রযোজ্য। আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস।”
তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য।
“এই ঐতিহ্যের চর্চা ও বুদ্ধের মহান আদর্শকে অন্তরে ধারণ করে বৌদ্ধ সম্প্রদায় দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে তাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখবেন এ প্রত্যাশা করি।”
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “ভয়, লোভ, লালসাকে অতিক্রম করে গৌতম বুদ্ধ সারাজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তার একমাত্র লক্ষ্য। হিংসায় উন্মত্ত পাশবিক শক্তিকে দমন করার জন্য আজকের পৃথিবীতে বুদ্ধের শিক্ষা একান্ত প্রয়োজন।”
তিনি বলেন, “আমি আশা করি জ্ঞান, মেধা, কর্মদক্ষতা ও কৃতিত্বে এদেশের বৌদ্ধ সম্প্রদায় গৌতম বুদ্ধের আদর্শে আরও উজ্জীবিত হবে। গৌতম বুদ্ধের অহিংস, সাম্য ও মৈত্রীর বাণী এবং তার জীবনাদর্শ ধারণ ও লালন করে আমরা এদেশকে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।”
