২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুলের’ ভাষায় নিবন্ধ ছাপায় পত্রিকা সম্পাদককে তলব

হাই কোর্টের একটি রুলের পর পাল্টা  রুলের ভাষায় লেখা এক নিবন্ধ প্রকাশ করায় দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদককে তলব করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 11:28 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

ওই পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধ আমলে নিয়ে সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

রাজধানীর রাজারবাগ থেকে প্রকাশিত ওই পত্রিকার সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলমের সঙ্গে প্রকাশক মুহম্মদ হাবিবুল হক ও নিবন্ধের লেখক মুহম্মদ সিবগাতুল্লাহ পানিপথীকে আগামী ২৫ মে আদালতে হাজির হতে বলা হয়েছে।

ওই পত্রিকার সম্পাদক, প্রকাশক ও লেখককে আদালত অবমাননার অভিযোগে কেন দায়ী করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

পাশাপাশি সংবাদপত্রটির অনুমোদন (ডিক্লারেশন) কেন বাতিল করা হবে না, তা জানাতে রুল দেয়া হয়েছে।

হাই কোর্টের একটি রুল নিয়ে আল ইহসানে প্রকাশিত তিনটি শিরোনামে ছাপা নিবন্ধ নিয়ে আদালতের এই আদেশ আসে।

ইহসানের প্রথম শিরোনামে বলা হয়, “মহান আল্লাহ পাক উনার নির্দেশ অনুযায়ী বিধর্মীর ইসলাম গ্রহণের সংবাদ প্রকাশ করা ৯৭ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে কেন বৈধ হবে না? এবং শরীয়তবিরোধী রুল জারিকারীরা কেন খোদাদ্রোহী হবে না?”

দ্বিতীয় শিরোনামে বলা হয়, “হাই কোর্টের বিচারকদ্বয় কর্তৃক প্রচলিত সংবিধানবিরোধী  রুল জারি করা কেন অবৈধ হবে না এবং কেন তারা দেশদ্রোহী হবে না? কেন তাদেরকে মুরতাদ বলা হবে না?”

তৃতীয় শিরোনামে বলা হয়, “শরীয়তসম্মত সংবাদ প্রকাশ করায় জাবির কর্তৃপক্ষের জাতির কাছে ক্ষমা চেয়ে সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানকে হেয় প্রতিপন্ন করা কেন অবৈধ হবে না?”

গণমাধ্যমে হিন্দু কর্মচারীর ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ পাঠানোয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালকের বিরুদ্ধে হাই কোর্টের ওই বেঞ্চ গত ৩০ এপ্রিল রুল দিয়েছিল।

ওই রুলকে কেন্দ্র করে পাল্টা ‘রুল’ দেয়া হয় ইহসান পত্রিকায় প্রকাশিত নিবন্ধে। 

পুরনো খবর:

জাবির জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা কেন নয়: হাই কোর্ট