জাবির জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা কেন নয়: হাই কোর্ট
গণমাধ্যমে হিন্দু কর্মচারীর ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ পাঠানোয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালকের বিরুদ্ধে রুল দিয়েছে হাইকোর্ট।
দৈনিক জনকণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল দেয়, যাতে জাবি জনসংযোগ পরিচালকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
‘জাবি কেলেঙ্কারি ॥ জনসংযোগ কর্মকর্তাকেই দায় স্বীকার করে নিতে হলো’ শিরোনামে দৈনিক জনকণ্ঠে ওই প্রতিবেদন প্রকাশিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়। গত ২৬ এপ্রিলের এই প্রতিবেদনে বলা হয়, এক হিন্দু কর্মচারীর ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ পাঠানোর পর ক্ষমা চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জনসংযোগ বিভাগ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি কিভাবে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক মালির ইসলাম গ্রহণের খবর প্রকাশ করা হয়।
এ নিয়ে ফেইসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে ব্যাপক সমালোচনা হলে শনিবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক এক বিজ্ঞপ্তিতে জানান, বিষয়টি তাদের অজ্ঞাতসারে ঘটেছে।
নিবন্ধক আবু বকর সিদ্দিক বলেন, “এই বিষয়ে জনসংযোগ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে কৈফিয়ৎ চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
“অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য জাবি প্রশাসন দুঃখ প্রকাশ করছে।”
তবে শুধু দুঃখ প্রকাশে এই ঘটনার শেষ হওয়া উচিত নয় বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের নেতা অধ্যাপক নাসিম আখতার হোসাইন। তিনি এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকের শাস্তিও চেয়েছেন।
“নিবন্ধককেই দায় নিতে হবে, বিশ্ববিদ্যালয়ে কঠিন পদসোপান মেনে চলা হয়, এখন বললে হবে না যে ঊর্ধ্বতন প্রশাসন জানত না।”
এ বিষয়ে জাবির জনসংযোগ বিভাগের পরিচালক মীর আবুল কাসেম দাবি করেন, সংবাদ বিজ্ঞপ্তিটি তার কার্যালয় থেকে গেলেও এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।
“আমাকে একেবারে না জানিয়ে অফিসের উপপরিচালক ও সহকারী পরিচালক বিশ্ববিদ্যালয়ের এক মালির ইসলাম ধর্ম গ্রহণের এই সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়েছে।”
প্রশাসনকে বিব্রত করতে এমনটি করা হয়েছে, এ ধরনের অভিযোগ সত্য না বলে দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক সালাম সাকলাইন ওই সংবাদ পাঠানোর দায় স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেইলটি আমরাই পাঠিয়েছিলাম। তবে সেটি ওই কর্মচারীর অনুরোধে, এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক উস্কানি এবং দুরভিসন্ধি নেই।
“তবুও যেহেতু জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি এবং জাতির কাছে ক্ষমাপ্রার্থী।”
