জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কাজ দেখবেন চট্টগ্রামের মেয়র
মৌসুমের প্রথম বৃষ্টিতে বন্দর নগরীর সিংহভাগ তলিয়ে যাওয়ার পর জলাবদ্ধতা নিরসনে গৃহীত সব প্রকল্পের তথ্য ও বাস্তবতা নিজে গিয়ে পরিদর্শনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম।
সোমবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশলীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। এতে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতিতে ক্ষোভ প্রকাশও করেন মেয়র।
চার বছর আগে মূলত জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েই মেয়র নির্বাচিত হন মনজুর আলম। গত চার বছরে খালের মাটি কাটা আর সীমানা প্রাচীর নির্মাণেই সীমাবদ্ধ ছিল চসিকের কার্যক্রম।
তবে এসব উদ্যোগে গত চার বছরে জলাবদ্ধতা কমেনি। গত রোববার মৌসুমের প্রথম প্রবল বর্ষণে নগরীর অধিকাংশ এলাকা ও মূল সড়ক পানিতে তলিয়ে যায়।
বিকালে চসিকের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিবৃতিতে বৈঠকের বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র গত রোববার নগরীতে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করেন।
“গত চার বছরে ৪১টি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে খাল-নালা থেকে মাটি-আর্বজনা উত্তোলন এবং খালের সীমানা প্রাচীর নির্মাণ ও তলা পাকাকরণসহ সব কাজে ব্যয় করা অর্থের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।”
বৈঠকে মেয়র বলেন, এ যাবৎ গৃহীত সব প্রকল্পের তথ্য উপাত্ত সরেজমিনে পরীক্ষা নিরীক্ষা করা হবে।
পাশাপাশি চলতি অর্থ বছরে জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পের বাকি কাজ সঠিকভাবে পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা নির্ধারিত সময়ের জন্য দায়িত্ব পালন করেন। নিজেদের কর্মকাণ্ডের জন্য জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়।
“কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও কর্তব্যের প্রতি শ্রদ্ধাবোধের ওপর জনপ্রতিনিধিদের ভাল-মন্দ নির্ভর করে। আমি দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নে যাবতীয় সুযোগ নিশ্চিত করেছি। কিছুর অভাব রাখিনি।
“জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। যদি কোনো কারণে দুর্দশা দেখা দেয়, তা হবে অনাকাঙ্খিত।“
জনস্বার্থে সবাইকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নির্দেশ দেন মেয়র।
বৈঠকে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ, ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, প্রধান প্রকৌশলী মো. মোখতার আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ ও কামরুল ইসলাম প্রমুখ।
