২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কথায় ‘আশ্বস্ত’ নজরুলদের পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে দোষীদের বিচারের আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের ঘটনায় নিহতদের স্বজনরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 08:09 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

কারো প্রতি নরম না হতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিহত কাউন্সিলর নজরুল ইসলাম, মনিরুজ্জামান খান স্বপন, জাহাঙ্গীর (গাড়ি চালক), তাজুল ও লিটনের পরিবারের সদস্যরা সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।  

গণভবন থেকে বেরিয়ে নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, “প্রধানমন্ত্রী আমাদেরকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘আইন শৃঙ্খলাবাহিনী অপরাধীদের ধরার চেষ্টা চালাচ্ছে। অপরাধীরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে।”

পাঁচ পরিবারের সদস্যরা রাত ৮টার আগেই গণভবনে যান এবং সেখানে এক ঘণ্টারও বেশি সময় কাটান।

সাক্ষাৎ শেষে শেখ হাসিনাকে উদ্ধৃত করে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, “যে যে দলেরই হোক, যে যে অবস্থানেরই হোক- তাকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড়া হবে না।

“হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবোই।”

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, এ হত্যার বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সরকার প্রধান।

মাহবুবুল হক শাকিল বলেন, “নিহতের স্বজনরা প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি এই নৃশংস ঘটনার বিচার নিশ্চিত করতে পারেন।

নারায়ণগঞ্জের ঘটনার পর সেখানকার প্রশাসন, পুলিশ, র‌্যাব বদলির ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী নিহত স্বজনদের জানান, সুষ্ঠু তদন্তের জন্যই এটা করা হয়েছে।”

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম, নজরুলের ছোট ভাই আবদুস সালাম।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নজরুল ইসলামসহ সাত জন অপহৃত হন। তিন দিনের মাথায় শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।

এ ঘটনায় নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবারের সদস্যরা রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও নিহত আইনজীবীর স্বজনদের জানান তিনি।