২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের কৃষি ব্যাংকের খাতা সংস্কৃতি মন্ত্রণালয়ে

নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত কৃষি ব্যাংকের শত বছরের পুরনো লেজার খাতা নওগাঁ জেলা প্রশাসন সংস্কৃতি মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে।  

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. এনামুল হক সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাবুদ্দিন খানের হাতে খাতাটি তুলে দেন।

২০০৯ সালে এ খাতাটি উদ্ধারের পর সংরক্ষণের জন্য নওগাঁর জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেন রবীন্দ্র সংগ্রাহক আত্রাই উপজেলার পতিসরের এম মতিউর রহমান মামুন।

জেলা প্রশাসক মো. এনামুল হক বলেন, দীর্ঘ পাঁচ বছর জেলা প্রশাসন লেজার খাতাটি সংরক্ষণে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে খাতাটি অধিকতর সংরক্ষণের আহ্বান জানিয়ে চিঠি দেয়।

এরই ধারাবাহিকতায় সংস্কৃতি মন্ত্রণালয়ে হস্তান্তর করা হলো দুর্লভ এই লেজার খাতা।

রবীন্দ্র সংগ্রাহক এম মতিউর রহমান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেজার খাতার হিসাব অনুযায়ী বাংলা ১৩২০ থেকে ১৩৪৫ সন পর্যন্ত ব্যাংকটির লেনদেন হয়েছে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ নিজের জমিদারির ভেতর দরিদ্র কৃষকদের সহায়তায় ১৯০৫ সালে পতিসরের কাচারিবাড়িতে কৃষি ব্যাংকটি স্থাপন করেছিলেন। নোবেল পুরস্কার পাওয়ার পর ১৯১৪ সালে পুরস্কারের সমস্ত টাকা ব্যাংকটিতে জমা করেন তিনি।

ব্যাংকের তৎকালীন হিসাবরক্ষক রাণীনগর উপজেলার বীরকৃষ্ণপুর গ্রামের আহমদ আলী খাঁর নাত-জামাই আব্দুল হামিদের কাছ থেকে খাতাটি উদ্ধার করেছিলেন বলেও জানান তিনি।

এরপর খাতাটির নিরাপত্তা হেফাজতের জন্য নওগাঁর তৎকালীন জেলা প্রশাসক মো. আহসান হাবিব তালুকদারের কাছে জমা দিয়েছিলেন।