২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি ইজাহারের বিচার শুরু

সম্পদ বিবরণী জমা না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 02:05 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলায় অভিযোগ গঠন করা হয়।

দুদকের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গত ২১ এপ্রিল এই মামলায় চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দিয়েছিলেন দুদকের চট্টগ্রাম অঞ্চল-১ এর উপ-পরিচালক এইচ এম আক্তারুজ্জামান।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিস ইস্যু করা হয়।

কিন্তু তিনি নোটিস গ্রহণ না করায় ৭ জুলাই দুদকের কর্মকর্তারা লালখান বাজার মাদ্রাসায় সেটি টাঙিয়ে দেন।

দুদকের নোটিসের জবাব না দেয়ায় গত বছরের ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের খুলশী থানায় মামলা করেন দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক।

মুফতি ইজাহারুল নগরীর লালখান বাজারে অবস্থিত জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার (লালখান বাজার বড় মাদ্রাসা) মহাপরিচালক, যে মাদ্রাসায় গত বছর অক্টোবরে গ্রেনেড বিস্ফোরণে ৩ জন নিহত হন।   

এই ঘটনায় করা তিনটি মামলা মাথায় নিয়ে ইজাহারুল পলাতক রয়েছেন।

ইজাহার নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সভাপতি এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির।