২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ঢাকার সাভারে এক ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 12:48 AM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার রাত ৯টার দিকে সাভার পৌর এলাকার ঘোষপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

নিহত আবুল কালাম আজাদ (৫০) সাভার সাবরেজিস্ট্রি এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি জমিজমার ব্যবসার পাশাপাশি স্ট্যাম্প ভেন্ডার ছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বক্তারপুর এলাকার অফিস থেকে বাসায় আসার পথে মধ্য ঘোষপাড়া এলাকায় ৪/৫ জন দুর্বৃত্ত পেছন থেকে কালামের মাথায়, ঘাড়ে ও পিঠে  তিনটি গুলি করে পলিয়ে যায়।

কালামকে স্থানীয়রা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা রাসেল জানান।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

পরিবারের অভিযোগের ভিত্তিতে কালামের মামা আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।

কালামের মা খোর্শেদা বেগম সাংবাদিকদের বলেন, তার ভাই আবুল হোসেনের  সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।