২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বন থেকে ব্যবসায়ী উদ্ধার

গাজীপুরের হোতাপাড়া রানীপুর এলাকার গজারী বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 12:10 AM

Updated : 25 Apr 2022, 04:10 PM

রোববার সন্ধ্যায় উদ্ধারকৃত গোপাল বিশ্বাস (৪০) ঢাকার উত্তরায় মাছের ব্যবসা করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দেওহাটা থানার সখীপুরে।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, দুপুরে গোপাল গাজীপুরে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যান।

বিকালে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্কের সামনে নামলে কয়েকজন দুর্বৃত্ত তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরে ওই ব্যবসায়িকে রানীপুর এলাকার গজারী বনের ভেতর হাত-পা বেঁধে আটকে রাখে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা গোপালের মোবাইল ফোন থেকে তার স্বজনদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণও দাবি করে।

বিকাল সাড়ে ৫টার দিকে এলাকাবাসী হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীসহ অপহরণকারীদের দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

ঘটনা জানাজানি হয়ে গেছে টের পেয়ে দুর্বৃত্তরা ব্যবসায়ীকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বন থেকে গোপালকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে।