‘অবহেলা-দুর্ব্যবহার কিশোর উন্নয়ন কেন্দ্রে বিদ্রোহের কারণ’
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য ও কর্মচারীদের অবহেলা, বন্দি ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের কারণেই বারবার এখানে বিদ্রোহ দেখা দেয় বলে মন্তব্য করেছেন কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন।
রোববার সকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনার জন্য কর্মী স্বল্পতাও দায়ী বলে জানান তিনি।
শনিবার রাতে কেন্দ্র থেকে ছয় কিশোর নিখোঁজ হয়। এর আগে গত রোববার (৪ মে) কেন্দ্রটিতে সংঘর্ষের সময় দুই কিশোর পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ শনিবার রাতে পাঁচ কিশোর পালানোর খবর নিশ্চিত করেছিলেন।
পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানও একই তথ্য দেন।
তবে রাত পৌনে ১১টায় গণনা শেষে এসপি এ সংখ্যা ছয় বলে নিশ্চিত করেন।
শনিবার পালানো কিশোররা হলো নড়াইলের বাঐসোনা এলাকার মুজাহিদ মোল্লার ছেলে বাপ্পী, বগুড়ার ছোট কুমিরা এলাকার প্রয়াত বেলাল হোসেনের ছেলে মো. রনি ওরফে জীবন, বগুড়ার দক্ষিণ ফুলবাড়িয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে আশিকুর রহমান, একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী জিসান, বগুড়ার ছোটকুমিরা পশ্চিমপাড়ার প্রয়াত দুলাল প্রামাণিকের ছেলে আবদুর রহমান ওরফে কাইল্যা এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ব্রাক্ষ্মণগাঁওয়ের ফজর আলীর ছেলে জুনায়েদ হোসেন।
কেন্দ্রের সহকারী সুপার আবুল বাশার শেখ সাংবাদিকদের বলেন, প্রহরী সাইফুলের দায়িত্বে অবহেলার কারণেই এই পালানোর ঘটনা ঘটেছে। সে পাহারা না দিয়ে বাইরে বেশি ঘোরাঘুরি করে।
তিনি জানান, প্রহরী সাইফুল তাকে বলেছে কেন্দ্রে অপর এক কিশোরকে (শামিম) ভেতরে নিয়ে যাওয়ার সময় ওই ছয় জন পালিয়ে গেছে।
আবুল বাশার শেখ আরও বলেন, কেন্দ্রের উত্তর-পূর্ব কোণের প্রাচীরের পাশে তারা একটি লোহার ১৫ ফুট লম্বা ও দেড় ইঞ্চি ব্যাসের পাইপ পেয়েছেন। ধারণা করা হচ্ছে কিশোররা ওই পাইপ বেয়ে এখান থেকে পালিয়েছে।
সাংবাদিকরা কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে কথা বলা শেষে ফেরার সময় গেটে কয়েকজন নারী অভিভাবককে দেখতে পান। তারা বন্দিদের সঙ্গে দেখতে করতে এসেছেন।
দায়িত্বরত আনসার সদস্য সাইফুল তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন মর্মে অভিভাবকরা অভিযোগ করেন সাংবাদিকদের সামনে।
এ বিষয়ে সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, এখানে নিরাপত্তাকর্মী সংকট রয়েছে। ৮টি পদের বিপরীতে রয়েছে মোটে দুজন। আবার ওয়ার্ডারের ৬টি পদের মধ্যে রয়েছে চারজন। মূলত একই ব্যক্তি অনেক বেশি দায়িত্ব পালন করায় তাদের প্রাণশক্তিও হ্রাস পায়। সেকারণে তারা দায়িত্বেও অবহেলা করে থাকে।
গত ৪ মে সংঘর্ষের ঘটনার পর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করেন।
কমিটির অন্য দুই সদস্য ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক শাজাহান মিয়া।
সাতদিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়।
তদন্ত কমিটি প্রাথমিকভাবে জানতে পেরেছে, একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কয়েক বন্দিকে টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে যশোরে স্থানান্তর করা হয়। ওই দাগী অপরাধীরাই ঘটনাটি ঘটিয়েছে।
শনিবার রাতে পালিয়ে যাওয়া কিশোরদের মধ্যে উল্লিখিত দাগী অপরাধীরা রয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার আনিসুর রহমান।
এদিকে, রোববার সকালে কেন্দ্রের প্রধান প্রহরী ও প্রহরী যথাক্রমে নূর ইসলাম এবং সিরাজুল ইসলামকে থানায় আনা হয় জিজ্ঞাসাবাদের জন্যে। জিজ্ঞাসাবাদশেষে তাদের ছেড়ে দেয়া হয়।
শনিবার রাতে দায়িত্বে থাকা সাইফুলকে অবশ্য জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ।
