২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আটক শিবির নেতা গুলিতে জখম

যশোরের অভয়নগর উপজেলায় ‘অস্ত্র উদ্ধারকালে’ শনিবার রাতে এক শিবির নেতা গুলিতে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 09:42 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

তবে, আহত মো. সুলাইমানের দাবি, তাকে ধরে নিয়ে পুলিশ গুলি করেছে।

অভয়নগর থানার এসআই আরিফুর রহমান জানান, সুলাইমান উপজেলার বনগ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুলাইমান যশোর আল হেরা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র এবং সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।

এসআই আরিফুর আরো জানান, শনিবার সুলাইমানকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে অস্ত্র উদ্ধারের জন্য প্রেমবাগে নিয়ে যাওয়া হয়।

সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে সুলাইমান আহত হন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সুলাইমান জানান, তাকে নওয়াপাড়া বাজার থেকে ধরে নিয়ে পুলিশ গুলি করেছে।