ঢাকা মেডিকেলে আনসার সদস্য লাঞ্ছিত, ৬ জন আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে এসে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির পর লাঞ্ছিত করার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকালের ওই ঘটনায় আটকরা হলেন-সুমন চৌধুরী, পার্থ লধ, জয়, সঞ্জয় বৈদ্য পিকুল, উৎসব রায় এবং অজয়।
তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে।
ফাইল ছবি
এঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করার প্রক্রিয়াও চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্য আব্দুর রহিম জানান, “বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডে একজন রোগী দেখতে আসে ১০/১৫ জন যুবক। তারা সেখানে হৈচৈ করতে থাকলে আমি ওয়ার্ডের অন্যান্য রোগীদের অসুবিধা হচ্ছে বলে তাদেরকে থামতে বলি।
“এসময় তারা ছাত্রলীগের পরিচয় দিয়ে ওই যুবকেরা আমাকে থাপ্পড় মারে এবং অকথ্য ভাষার গালাগাল করে। বিষয়টি তাৎক্ষণিক প্লাটুন কমান্ডার আব্দুল খালেককে বললে তিনি পুলিশকে ঘটনাটি জানান। এরপর পুলিশ ওদের ছয় জনকে আটক করে থানায় নিয়ে যায়।”
আটকদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আবু জাফর।
