গাজীপুর সদরের নির্বাচনে প্রচারণা জমে উঠেছে
গাজীপুর সদর উপজেলা নির্বাচনের প্রচারণা জমে ওঠেছে। প্রার্থীরা দিন-রাত ভোটারদের কাছে যাচ্ছেন, ব্যস্ত সময় কাটাচ্ছেন।
পথে ভোটারদের সঙ্গে কোলাকুলি করে, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। বাড়ি বাড়ি গিয়েও প্রচারণা করছেন।
আগামী ১৯মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল লতিফ (মোটর সাইকেল) ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম (হেলিকপ্টার), ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইজাদুর রহমান মিলন (ঘোড়া), জেলা যুব মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভীন (আনারস), ভাওয়াল গড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সেলিম রেজা (কাপ-পিরিচ) এবং গাজীপুর জেলা হেফাজত নেতা মুফতি নাসির উদ্দিন খান (দোয়াত কলম)।
তাদের মধ্যে ইজাদুর রহমান মিলন বিএনপি সমর্থিত প্রার্থী। অপরদিকে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে না পারায় দলের চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একাধিক প্রার্থীর ব্যাপারে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান বলেন, তাদের সমঝোতা করতে বলা হয়েছে। তারপরও তারা নিজেদের প্রার্থিতা ঘোষণা দিয়ে কাজ করছেন। এ ব্যাপারে আবারো সমঝোতার উদ্যোগ নেয়া হবে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং অফিসার শাহনওয়াজ দিলরুবা খান বলেন, চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর সদর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫ হাজার ২১৫ জন।
গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলা ছাড়া বাকি চার উপজেলায় ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে।
