২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন উদ্ধারে পুরস্কার পেল রেলের ৪৮ কর্মচারী

বঙ্গবন্ধু সেতুতে টর্নেডোর আঘাতে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধারকাজে অংশ নেয়া বাংলাদেশ রেলওয়ের কর্মচারীদের পুরস্কৃত করেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 07:31 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার বিকালে রেল ভবনে ট্রেন উদ্ধার কাজে নিয়োজিত ৪৮ জন রেল কর্মচারীর হাতে এই পুরস্কার তুলে দেন মন্ত্রী।  

২৭ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটে। পরদিন বিকাল ৪টায় উদ্ধারকাজ সমাপ্ত হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

অনুষ্ঠানে মুজিবুল হক বলেন, “আগামী ৫ বছরে রেল অনেক এগিয়ে যাবে। অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে।”

উদ্ধারকারীদের প্রশংসামূলক কাজের জন্য মন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেককে একটি শার্ট এবং নগদ এক হাজার দেন। 

এসময় বঙ্গবন্ধু সেতুর পাশে আরেকটি রেলসেতু করার পরিকল্পনার কথাও জানান রেলমন্ত্রী।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, “কাজের পুরস্কার দেয়া এই মন্ত্রণালয়ের এ ঘটনা প্রথম। ভালো কাজের জন্য এটি একটি নজিরবিহীন ঘটনা। যান্ত্রিক বিভাগের কর্মরতদের এ পুরস্কার দেয়া হচ্ছে।”

এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক(রোলিংস্টক) খলিলুর রহমানসহ উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।