পতেঙ্গা ও পারকিতে পর্যটন কেন্দ্র হবে’
চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার পারকি সৈকতে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপে রাশেদ খান মেনন বলেন, “পারকি এবং পতেঙ্গা উভয় সৈকতের ক্ষেত্রে পরিকল্পনা হলো পাবলিক-প্রাইভেট পাটনারশিপে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন। পরিকল্পনা কমিশনে এ প্রস্তাব জমা আছে।
“অবকাঠামো বিশেষ করে সড়ক, সৈকতে আসা পর্যটকদের জন্য লাইফ গার্ড নিরাপত্তা, শৌচাগার এবং হোটেল-মোটেল নির্মাণ করা হবে।”
তিনি জানান, পারকি সৈকতকে শিগগিরই পর্যটকদের জন্য সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে। এছাড়া সৈকত ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হবে।
পর্যটনমন্ত্রী বলেন, “সরকার টুরিস্ট পুলিশ গঠন করেছে। নিরাপত্তা বিধানে এই দুই পর্যটন কেন্দ্রে তাদের নিয়োগ দেয়া হবে।”
এর আগে সকালে বৃষ্টির মধ্যেই পারকি সৈকত ও আনোয়ারার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন আনোয়ারা থেকে নির্বাচিত সাংসদ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
