পাকিস্তানে হাইকমিশনারের চুক্তির মেয়াদ বেড়েছে
পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনের চুক্তির মেয়াদ তৃতীয় দফায় আরো এক বছর বেড়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোহরাবের চুক্তির মেয়াদ আগামী ১৬ মে থেকে এক বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করা হয়।
২০১০ সালের ২৭ এপ্রিল চুক্তির ভিত্তিতে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসাবে দুই বছরের জন্য নিয়োগ পান সোহরাব। ২০১২ সালের ২০ মে তার চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়।
এদিকে মন্ত্রণালয়ের আলাদা আদেশে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপালের চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।
২০১১ সালের ২৬ এপ্রিল রবীন্দ্র দুই বছরের জন্য কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক হিসাবে নিয়োগ পান। ২০১৩ সালের ১৮ এপ্রিল তার চুক্তির মেয়াদ আরো এক বছরের জন্য বাড়ানো হয়।
