২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারীতে এইচএসসি পরীক্ষার্থিনীকে অপহরণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটেরা অপহরণ করেছে বলে তার স্বজনরা জানিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 06:10 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার পরীক্ষা দিতে যাওয়ার সময় বোয়ালমারী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।  

বোয়ালমারী থানার ওসি মো. রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃত মেয়েটি (নাম প্রকাশ করা হলো না) উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।   

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় একটি মামলা করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, সকালে এইচএসসি কম্পিউটার শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য মায়ের সঙ্গে বোয়ালমারী সরকারি কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন মেয়েটি।

কলেজ গেটের কাছে পৌঁছলে স্থানীয় বখাটে লিখন ঠাকুর তার ৪/৫ জন সহযোগীসহ এসে একটি মাইক্রোবাসে তুলে মেয়েটিকে নিয়ে যায়।

এ সময় তার মা বাধা দিলে বখাটেরা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাস্তায় ফেলে দেয়।

লিখন ঠাকুর উপজেলার কামারগ্রামের তরুণ ঠাকুরের ছেলে।

বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন জানান, মেয়েটিকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

তিনি বলেন, লিখন ঠাকুর স্থানীয় বখাটে হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

তার বাবা আজিজুর রহমান ঠাকুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি।

অপহৃতের বাড়ি পটুয়াখালী জেলায়। তার বাবা বোয়ালমারীর বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

ওই ছাত্রীর বাবা সাংবাদিকদের জানান, লিখন দীর্ঘদিন ধরেই তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল।