২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই জনের মৃত্যু

সাভারের আশুলিয়ায় একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 11:27 AM

Updated : 25 Apr 2022, 04:10 PM

আশুলিয়া থানার এসআই রুহুল আমীন জানিয়েছেন, রোববার ভোরের দিকে নরসিংহপুর এলাকার আক্কাস আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার মেলান্দ থানার ভারাডুবা এলাকার কিসমত আলী (৪১) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার শিমলা এলাকার হানিফ আলী (৩২)।

আক্কাস আলীর বরাত দিয়ে এসআই আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে হানিফ, কিসমত ও সোবাহান চুক্তিতে ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন।  

“প্রথমে নামেন দুজন। পরে সোবাহান নামতে গিয়ে তার দম বন্ধ হয়ে আসলে তিনি উপরে উঠে আসেন।

“কিন্তু দীর্ঘ সময় পরও অন্য দুজনের কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা ট্যাংকটি বড় ছিদ্র করে দুজনের মৃতদেহ বের করে।”

ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।