চিকিৎসকদের কর্মবিরতিতে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা ব্যাহত
তিন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে ‘অবৈতনিক’ চিকিৎসকদের কর্মবিরতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
রোববার সকাল থেকেই ‘অবৈতনিক’ চিকিৎসকরা কাজ করছেন না, যারা হাসপাতালের চিকিৎসকদের সবচেয়ে বড় অংশ বলে হাসাপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কর্মবিরতিতে থাকা চিকিৎসকরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মারামারির পাঁচদিন পর শনিবার রাতে ঢাকা মেডিকেল সংলগ্ন চানখারপুলে খাবার খেতে গিয়ে হামলার মুখে পড়েন তিনজন চিকিৎসক।
এরপর উত্তেজিত চিকিৎসকরা মধ্যরাতে হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে দিলেও আধা ঘণ্টার মধ্যে তা খুলে দেয়া হয়।
এরপর রোববার সকাল থেকে ‘অবৈতনিক (অনারারি)’ এই চিকিৎসকরা কাজ বন্ধ করে দেন বলে ঢাকা মেডিকেলের এক সহকারী রেজিস্ট্রার জানিয়েছেন।
‘অবৈতনিক’ চিকিৎসক মোস্তাফা রেজওয়ান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ডে চিকিৎসকের সংখ্যা খুবই কম। যে সব চিকিৎসক রয়েছে তারা পুরনো, নতুন কোনো চিকিৎসক নেই।”
জরুরি বিভাগের আবাসিক সার্জন কে এম রিয়াজ মোরশেদ বলেন, প্রায় ১ হাজার অবৈতনিক চিকিৎসক রয়েছে দেশের বৃহত্তম এই সরকারি হাসপাতালে।
“তাদের (অবৈতনিক চিকিৎসক) ছাড়া চিকিৎসা সেবা চালানো কষ্টকর,” বলেন তিনি।
এদিকে অবৈতনিক চিকিৎসকদের পাশাপাশি ঢাকা মেডিকেলের প্রায় ২০০ ইন্টার্ন চিকিৎসককেও কাজে দেখা যাচ্ছে না বলে হাসপাতালে এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান।
রোববার বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসক না পেয়ে ফিরে যেতেও দেখা যায়।
এদিকে ‘অবৈতনিক’ চিকিৎসকরা কর্মবিরতির খবর নাকচ করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান বলেছেন, চিকিৎসা সেবাও যথারীতি চলছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে গ্যালারি-১ এ চিকিৎসকদের একটি সাপ্তাহিক সভা ছিল। অধিকাংশ চিকিৎসক সেই সভায় উপস্থিত থাকায় ওয়ার্ডে তাদের (চিকিৎসক) উপস্থিতি কম দেখা গেছে।”
শনিবার রাতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক।
রাতে হামলার শিকার চিকিৎসক ফজলে বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পাঁচ-ছয়জন মিলিয়ে চানখার পুলের সোহাগ হোটেলে খেতে গিয়েছিলেন। এসময় তাদেরকে ঘিরে ফেলে একদল তরুণ জিজ্ঞাসা করে, তারা ইন্টার্ন চিকিৎসক কি না?
“আমরা বলি ইন্টার্ন নই, তবে আমরা চিকিৎসক। এর পরপরই তারা আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আমরা কোনোমতে দৌড়ে পালিয়ে আসি।”
পালানোর সময় অবৈতনিক চিকিৎসক মমিনুল ইসলামকে পেছন থেকে মাথায় আঘাত করা হয়। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে পরিচালক মোস্তাফিজুর জানান।
গত মঙ্গলবার লিফটে ওঠা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে পেটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র কিছুক্ষণ পর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে ভাংচুর চালায়। এর প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকরা ওইদিন সাড়ে তিন ঘণ্টা হাসপাতালের ফটক বন্ধ করে রাখেন, যাতে ভোগান্তিতে পড়েন অনেক রোগী।
চিকিৎসকদের ওপর হামলার নিন্দায় স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রে সফররত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক বিবৃতিতে চিকিৎসকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানিয়েছেন।
একইসঙ্গে চিকিৎসকদের রোগীর সেবা থেকে বিরত না থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের কষ্ট দেয়া কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না।”
