২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার পর ঢাকা মেডিকেলে উত্তেজনা

খাবার খেতে রাতে চানখারপুল গিয়ে তিন সহকর্মী হামলার শিকার হওয়ার পর চিকিৎসকদের বিক্ষোভে শনিবার মধ্যরাতে উত্তেজনা দেখা দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 01:21 AM

Updated : 25 Apr 2022, 04:10 PM

একপর্যায়ে চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগ বন্ধও করে দিয়েছিলেন।  তবে আধা ঘণ্টা পর তা আবার খুলে দেয়া হয়।

রাত ৯টার দিকে মেডিকেল কলেজ সংলগ্ন চানখারপুলে একটি হোটেলে রাতের খাবার খেতে গিয়ে আকস্মিক হামলার শিকার হন কয়েকজন চিকিৎসক। এর মধ্যে মমিনুল ইসলাম নামে একজন গুরুতর আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল প্রতিনিধি রাত ১টার দিকে জানান, চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের কক্ষে জড়ো হয়ে এই বিষয়টি নিয়ে চেঁচামেচি করছেন।

হামলার শিকার চিকিৎসক ফজলে বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পাঁচ-ছয়জন মিলিয়ে চানখার পুলের সোহাগ হোটেলে খেতে গিয়েছিলেন। এসময় তাদেরকে ঘিরে ফেলে একদল তরুণ জিজ্ঞাসা করে, তারা ইন্টার্ন চিকিৎসক কি না?

“আমরা বলি ইন্টার্ন নই, তবে আমরা চিকিৎসক। এর পরপরই তারা আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আমরা কোনোমতে দৌড়ে পালিয়ে আসি।” 

এর আগে গত মঙ্গলবার লিফটে ওঠা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে পেটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। 

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র কিছুক্ষণ পর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে ভাংচুর চালায়।

এর  প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকরা ওইদিন সাড়ে তিন ঘণ্টা মেডিকেল কলেজের ফটক বন্ধ করে রাখে।  এতে অসংখ্য গুরুতর রোগীর ভোগান্তি হয়। 

ফজলে বারী বলেন, “পালানোর সময় আমাদের মমিনুলকে ওরা কিছু একটা দিয়ে মাথায় আঘাত করে।"

এ ঘটনায় মারামারির মধ্যে পড়ে নুরুল ইসলাম নামে আরো একজন আহত হয়েছেন, যিনি বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ছাত্র।

পুরনো খবর:

সাড়ে ৩ ঘণ্টা পর খুলল ঢামেকের জরুরি বিভাগ