সবুজ জঙ্গি ছিনতাইয়ে জড়িত নন, দাবি স্ত্রীর
ময়মনসিংহে জঙ্গি ছিনতাই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার মো. কামাল হোসেন সবুজ এ ঘটনায় জড়িত নয় বলে দাবি করেছেন তার স্ত্রী রেশমা আক্তার রেবেকা।
শনিবার ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রেশমা লিখিত বক্তব্যে বলেন, “আমার স্বামী জঙ্গি নন, র্যাব তাকে নিয়ে নতুন জজ মিয়া নাটক সাজানোর প্রচেষ্টা চালাচ্ছে।”
রেশমা জানান, গত ২৭ এপ্রিল গভীর রাতে তাদের গ্রামের বাড়ি ভালুকার পাচঁগাঁও থেকে তার স্বামী কামাল হোসেন সবুজ ও দেবর আবু বকর সিদ্দিক স্বপনকে ‘একদল অস্ত্রধারী অপহরণ’ করে নিয়ে যায়।
পরদিন তাদের কোনো সন্ধান না পেয়ে ভালুকা মডেল থানায় জিডি ও অপহরণ মামলা করেন তিনি।
এরপর থেকে পুলিশের বিভিন্ন স্তরে যোগাযোগের চেষ্টা করেও কোনো সংবাদ পাননি। এভাবে প্রায় সাত দিন কেটে যাওয়ার পর হঠাৎ গণমাধ্যমে জানতে পারেন র্যাবের তত্ত্বাবধানে রয়েছেন তার স্বামী সবুজ ও দেবর স্বপন।
বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পান তার স্বামীকে ত্রিশালের জঙ্গি আসামি ছিনতাই ও খুনের ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত করা হয়।
“আমার স্বামী ও আমাদের এলাকার আটক বেশ কয়েকজন সংবাদ সম্মেলনে স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রদান করছে। আমি এই ঘটনা দেখে অবাক হয়ে যাই এবং পরিবারের সদস্যসহ সবাই মুষড়ে পড়ি।”
রেশমা বলেন, তার শ্বশুর বর্তমানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও তার স্বামী সবুজ ইউনিয়ন যুবলীগের একজন কাউন্সিলর।
রেশমার অভিযোগ, তার স্বামী সবুজকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে র্যাব যে স্বীকারোক্তি আদায় করেছে তা সম্পূর্ণ বানোয়াট।
গত ৩০ এপ্রিল উত্তরায় র্যাবের সদরদপ্তরে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার সবুজসহ আট জনকে উপস্থিত করা হয়।
এরা হলেন মো. কামাল হোসেন সবুজ (৩৪), ইউসুফ আলী সোহাগ (২০), মো. সোহেল রানা (২৮), মো. মোরশেদ আলম (২২), মো. ইলিয়াস উদ্দিন (৩৪), আবু বকর সিদ্দিক স্বপন (৩৪), মো. আনোয়ার হোসেন (৪০) এবং মো. বাছির উদ্দিন (২০)।
জঙ্গি ছিনতাইয়ে এ গ্রুপটিকে টাকার বিনিময়ে কামাল হোসেন সবুজ সংগঠিত ও পরিচালনা করেন বলে র্যাব দাবি করেছে ওই সংবাদ সম্মেলনে।
গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ সড়কে পুলিশের প্রিজন ভ্যানের পথরোধ করে গুলি চালিয়ে ও বোমা ফাটিয়ে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেয়া হয়। এই তিনজনের মধ্যে প্রথম দুইজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত। আর মিজান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
এ সময় জঙ্গিদের গুলিতে এক কনস্টেবল নিহত হন এবং অন্য দুই পুলিশ সদস্য আহত হন।
ঘটনার কয়েক ঘণ্টার মাথায় ধরা পড়েন রাকিবুল। ওই দিন গভীর রাতে ‘বন্দুক যুদ্ধে’ নিহত হন তিনি।
