২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ার পক্ষে মতলব আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে ঢাকায় সংবাদ সম্মেলন করে তার জেলা চাঁদপুরের মতলব উপজেলা আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, নারায়ণগঞ্জের সাত খুন নিয়ে মন্ত্রী ‘অপপ্রচারের’ শিকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত হিসেবে জামাতা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ আসার প্রেক্ষাপটে পরিবারের কেউ জড়িত নন দাবি করে মায়ার বিবৃতি দেয়ার একদিন পর শনিবার তার পক্ষে এই সংবাদ সম্মেলন হয়।

নারায়ণগঞ্জে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের পরিবারের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেনের কাছ থেকে টাকা নিয়ে র‌্যাব-৯ এর তখনকার অধিনায়ক তারেক সাঈস মোহাম্মদ (মায়ার জামাতা) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আর অর্থ লেনদেনে যুক্ত ছিলেন মায়ার ছেলে দিপু চৌধুরী।

নজরুলের শ্বশুর শহীদুল ইসলামের অভিযোগের ওপর ভিত্তি করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ‘মিথ্যা, ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত’ বলে দাবি করেন মতলবের আওয়ামী লীগ নেতারা।

রিপোর্টার্স ইউনিটির এই সংবাদ সম্মেলনে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু লিখিত বক্তব্য পড়েন। উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান আবুল খায়ের, সুলতানাবাদ উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী, ছেঙ্গারচর পৌরসভার কাউন্সিলর রুহুল আমিন মোল্লা প্রমুখ।

মনজুর বলেন, “আপাতদৃষ্টে মনে হচ্ছে (নারায়ণগঞ্জের ঘটনায়), উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর আয়োজন চলছে। আমরা চাঁদপুরের জনপ্রতিনিধিরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

“নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান সুস্পষ্টভাবে বলেছেন, হত্যাকাণ্ডের জন্য ৬ কোটি টাকা লেনদেন হয়েছে এবং তিনি সুনির্দিষ্ট ব্যাংকের নামও বলেছেন। কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত্রের মাধ্যমেই সত্য উদঘাটিত হবে।”

হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে মায়ার ছেলে দিপু চৌধুরীর ব্যবসায়িক সম্পর্ক থাকার খবর ভিত্তিহীন বলে দাবি করেন চাঁদপুরের এই নেতারা।

“সিএনজি স্টেশন পরিচালনার সাথে নূর হোসেন বা তার লোকেদের সম্পৃক্ততার যে কথা বলা হচ্ছে তাও সম্পূর্ণ মনগড়া ও কাল্পনিক। ২০০৬ সালে স্থাপিত হওয়ার পর থেকেই সিএনজি স্টেশনটি পরিচালনার জন্য দিপু চৌধুরীর নিয়োগকৃত লোকবল রয়েছে।”

মায়ার সংসদীয় এলাকার এই নেতারা দাবি করেন, হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তথ্যপ্রমাণ ছাড়া উদ্দেশ্যমূলকভাবে মন্ত্রীর পরিবারকে জড়ানোর চেষ্টা চলছে, এতে প্রকৃত খুনিরা আড়ালে থেকে যাবে।

এই ধরনের বক্তব্যে তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন মনজুর। সেইসঙ্গে তিনি বলেন, একটি রাজনৈতিক মহল আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার জন্য ভিত্তিহীন এই অপপ্রচারে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই তড়িঘড়ি করে উঠে যান মতলবের এ্ই আওয়ামী লীগ নেতারা।

পরে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই, কাগজে যা লেখা আছে, তা-ই আমাদের কথা। এ চেয়ে বেশি কিছু বলার নাই।”

তদন্তাধীন বিষয়ে অন্যদের বক্তব্য দিতে বারণ করলেও নিজেরা কিসের ভিত্তিতে মন্ত্রীর পরিবারকে নির্দোষ দাবি করছেন- জানতে চাইলে তিনি বলেন, “আমরা জানি, এ ঘটনায় মন্ত্রীর পরিবারের কেউ জড়িত না।

“ভাই, আমাকে খামোখা এমন প্রশ্ন করে কেন বিব্রত করছেন, বুঝতে পারছি না।”

পুরনো খবর:

সাত খুনে আমার কেউ জড়িত নয়: মায়া
৭ খুন: চাকরি গেল সেই ৩ র‌্যাব কর্মকর্তার
র‌্যাবকে দায়ী করলেন নজরুলের শ্বশুর