জামালপুরে স্কুলভবন ও মাঠে ফাটল
জামালপুর সদরের শ্রীপুরে হালুয়া রাজার চহট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও মাঠে অস্বাভাবিক ফাটল দেখা দিয়েছে।
সোমবার এ ফাটল দেখার দেয়ার পর কর্তৃপক্ষ বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। তবে, ফাটলের কারণ এখনো জানা যায়নি।
হালুয়া রাজার চহট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জীবন নেছা জানান, সোমবার বিদ্যালয়ের একতলা ভবন ও মাঠে হঠাৎ করে ফাটল দেখা দিতে থাকে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটি জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করলে সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিদ্যালয় ও মাঠ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।
বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশ নেয়া হচ্ছে পাশের একটি মাঠে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক জানান, কী কারণে মাটি ও ভবনে ফাটল ধরেছে তা পরীক্ষা করা ছাড়া বলতে পারছেন না জামালপুর সদর উপজেলা প্রকৌশলীরাও।
সদর উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, কী কারণে ফাটল ধরেছে তা পরীক্ষা ছাড়া কিছু বলা সম্ভব নয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার জানান, রহস্যজনক ফাটলের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দ্রুত এ রহস্য উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
