জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি
‘হোক মুক্ত সংস্কৃতির বিকাশ, রুখো শিক্ষা বাণিজ্য সন্ত্রাস’ এই স্লোগানে সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
শনিবার বেলা সোয়া ১১টায় ক্যাম্পাসের অমর একুশের পাদদেশে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে ২৫তম সম্মেলনের উদ্বোধন হয়।
উদ্বোধক হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও নৃবিজ্ঞানের অধ্যাপক মানস চৌধুরী। দলীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ।
অনুষ্ঠানের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান তারেক বলেন, “দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল যে লক্ষ্যে তা আজো পূরণ করা সম্ভব হয়নি, বরং অনেক ক্ষেত্রে দিন দিন পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই অবস্থা থেকে উত্তরণে ছাত্র সমাজকেই ভূমিকা রাখতে হবে।”
উদ্বোধন অনুষ্ঠানের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকালে রুদ্ধাদ্বার কাউন্সিল অধিবেশনে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নতুন সভাপতি হয়েছেন তন্ময় ধর, সাধারণ সম্পাদক হয়েছেন দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল।
নতুন কমিটির অন্য নেতারা হলেন- সহ-সভাপতি মং সিং হাই মারমা, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হাসান আদনান, সাংগঠনিক সম্পাদক ইমরান নাদিম, কোষাধ্যক্ষ আবিদ সরকার সোহাগ, দপ্তর সম্পাদক সুমাইয়া পারভীন নাতাশা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইসতিয়াক রায়হান শুভ, সাংস্কৃতিক সম্পাদক মিতুল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌমিত্র পার্থ।
এছাড়া কমিটির সদস্য হিসেবে থাকছেন- জাহিদুল ইসলাম জিন্নাহ, ইমরান আজাদ লিখন, শফিকুল ইসলাম, অলিউর রহমান সান, সাজ্জাদ সারওয়ার সায়েম।
