২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুনের তদন্ত: সোমবার নারায়ণগঞ্জে ২ দিনের গণশুনানি শুরু

কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী সোমবার ও বৃহস্পতিবার গণশুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 02:30 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

ওই দুদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে হাই কোর্টের নির্দেশে গঠিত কমিটির কাছে আগ্রহী সংশ্লিষ্ট ব্যক্তিরা সাক্ষ্য দিতে পারবেন বলে শনিবার দুপুরে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ১২ এবং ১৫ মে তারিখ সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।

“এই গণশুনানিতে সাক্ষ্য প্রদানে আগ্রহী সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে উক্ত তারিখ, সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।”

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কাউন্সিলর নজরুল ইসলামসহ নিহতদের পরিবারের সদস্যদের জবানবন্দি নেয় তদন্ত কমিটি।

নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডে র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর হাই কোর্ট পুরো ঘটনা তদন্তে সরকারকে একটি কমিটি গঠন করতে বলে।

ওই আদেশ অনুসারে বুধবার সাত সদস্যের এই তদন্ত কমিটি কমিটি গঠ্ন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল কাইয়ুম সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার, আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান ও মো. মিজানুর রহমান খান।

বৃহস্পতিবার বিকালে প্রথম তারা নারায়ণগঞ্জে গিয়ে শীতলক্ষ্যায় লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

হত্যাকাণ্ডে র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগ এবং তাতে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কোনো কর্মকর্তার গাফিলতি ছিল কি না তার তা খতিয়ে দেখে সাতদিনের মধ্যে অগ্রগতির প্রতিবেদন দিতে বলেছে হাই কোর্ট।

হাই কোর্ট গণতদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের অপহরণ ও হত্যার সঙ্গে প্রশাসনের কোনো সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদ্ঘাটন করতে বলেছে।

অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না, তাও খুঁজে বের করতে বলা হয়েছে।

পুরনো খবর:

নারায়ণগঞ্জ গেল প্রশাসনিক তদন্ত কমিটি
কমিটি করে নারায়ণগঞ্জের ঘটনা তদন্তের নির্দেশ হাই কোর্টের
কর্মকর্তাকে ভর্ৎসনার পর গেল ৭ খুন নিয়ে আদেশ
নারায়ণগঞ্জে সাত খুনে র‌্যাবের সম্পৃক্ততা খতিয়ে দেখতে কমিটি