২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তাকে ভর্ৎসনার পর গেল ৭ খুন নিয়ে আদেশ

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উন্মুক্ত আদালতে ডেকে ভর্ৎসনা করার পর নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনা তদন্তে হাই কোর্টের আদেশ পৌঁছল বিবাদীদের কাছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 08:16 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বুধবার বিবাদীদের দেয়ার জন্য আদেশের অনুলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের নিবন্ধক একেএম শামসুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (মঙ্গলবার) আদেশের অনুলিপিতে বিচারকরা স্বাক্ষর করেন। এরপর শাখায় এলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা বিবাদীদের নিকট পাঠায়নি।”

স্বঃপ্রণোদিত এই আদেশে বিবাদীরা হলেন- জনপ্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান।

এর আগে ওই আদেশের অনুলিপি বিবাদীদের নিকট পাঠানোর দায়িত্বপ্রাপ্ত ফৌজদারি বিবিধ শাখার সুপার মোহাম্মদ হোসেন মিয়াকে উন্মুক্ত আদালতে ডেকে পাঠায় আদেশদানকারী দুই বিচারক বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর।

তারা আদেশ বিতরণের দেরির কারণ জানতে চান। সন্তোষজনক জবাব না পেয়ে ডেকে পাঠানো হয় অতিরিক্ত নিবন্ধক শরিফ উদ্দিন আহমদকে।

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ডেকে তিরস্কার করার পাশাপাশি মোহাম্মদ হোসেন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেন আদালত।”

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনায় র‌্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর সোমবার পুরো বিষয়টি তদন্তের আদেশ দেয় হাই কোর্টের এই বেঞ্চ।

জনপ্রশাসন মন্ত্রণাণলয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে সাত সদস্যের এই কমিটি গঠন করতে বলা হয়।  

‘জীবিত উদ্ধারে অবহেলাও তদন্তে’

৭ ব্যক্তিকে অপহরণের পর জীবিত উদ্ধারে কোনো প্রশাসনিক কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের ইচ্ছাকৃত অবহেলা রয়েছে কি-না, তদন্ত কমিটিকে তাও খতিয়ে দেখতে বলেছে হাই কোর্ট।

ওই আদেশে দেখা যায়, আদালত সব কর্তৃপক্ষ, নির্বাহী ও ব্যক্তিদের তদন্ত কমিটিকে সহায়তা করতে বলেছে।

কমিটিকে একটি গণতদন্তের মাধ্যমে অপহরণ বা খুনে প্রশাসনের কেউ বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের কোনো প্রকাশ্য কাজ বা সংশ্লিষ্টতা রয়েছে কি-না, তা খতিয়ে দেখতে বলা হয়।

এই ঘটনার মামলার নিজেদের মতো করে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত চালিয়ে নিতে বলার পাশাপাশি পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকেও পৃথক একটি তদন্ত করতে বলেছে।

র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাদেরকে অপহরণ ও হত্যায় তদন্তে যুক্ত না করতে নির্দেশ দেয়া হয় আদেশে।

তবে র‌্যাবকে বিভাগীয় তদন্ত করে বাহিনীর কোনো সদস্য অপরাধ সংগঠনে কোনোভাবে জড়িত কি-না বা অপহরণের খবর পাওয়ার পর পদক্ষেপ গ্রহণের কোনো ইচ্ছাকৃত অবহেলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়।

এই ঘটনায় সাক্ষী, নিহতদের পরিবার ও স্বজনদের নিরাপত্তা দিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয় পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি)।

পুরনো খবর:

কমিটি করে নারায়ণগঞ্জের ঘটনা তদন্তের নির্দেশ হাই কোর্টের
নারায়ণগঞ্জে সাত খুনে র‌্যাবের সম্পৃক্ততা খতিয়ে দেখতে কমিটি