চট্টগ্রামে হাসপাতালে আগুন
চট্টগ্রাম নগরীতে বেসরকারি একটি হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়া হয় রোগীদের, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের পর সিএসসিআর নামে ওই হাসপাতালের কার্যক্রম দুদিনের জন্য বন্ধ হয়েছে। আগুনের ঘটনা তদন্তে গঠিত হয়েছে দুটি কমিটি।
প্রবর্তক মোড়ের ওই হাসপাতালের নবম তলার হিসাব শাখায় শনিবার সকাল সোয়া ৮টার দিকে আগুন লাগে বলে অগ্নিনির্বাপক বাহিনী ও স্থানীয়রা জানায়।
সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, ১০ তলা ভবনের নবম তলায় হাসপাতালের একাউন্টস বিভাগের কক্ষে আগুন লাগে। বাহিনীর ১৩টি গাড়ি আগুন নেভাতে কাজ করে।
ফায়ার সার্ভিসের হিসেবে, হাসপাতালের সার্ভার কক্ষ, ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও একাউন্টস কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে।
জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালের বিভিন্ন তলা থেকে ১০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেয়।
কার্যক্রম দুদিন বন্ধ
অগ্নিকাণ্ডের পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের কার্যক্রম দুদিন বন্ধ ঘোষণা করেছে। সোমবার থেকে পুনরায় সেবা দেয়া হবে বলে তারা জানিয়েছে।
আগুনে হাসপাতালের কয়েক কোটি টাকার সম্পদ পুড়েছে বলে দাবি করেন তিনি।
দুটি তদন্ত কমিটি
হাসপাতালে আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন- উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নিউটন দাশ।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. রফিক উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ করে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
