২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়া স্মরণে সুধা সদনে মিলাদ ও দোয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার বাদ আছর ঢাকায় তার বাসভবন সুধা সদনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 08:09 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

২০০৯ সালের এই দিনে ওয়াজেদ মিয়া মারা যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য, সাংসদ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই মিলাদে অংশ নেন।

মিলাদ শেষে ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওয়াজেদ মিয়ার জন্ম। প্রয়াত আবদুল কাদের মিয়া ও ময়জান নেছার সন্তান ওয়াজেদ মিয়া ‘সুধা মিয়া’ নামেই বেশি পরিচিত ছিলেন।

ওয়াজেদ মিয়া ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। ১৯৬৭ সালে তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। ১৯৬৫ সালে তিনি তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দিয়ে চাকরি জীবন শুরু করেন। পরে আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি।

ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ১৯৬১ সালে ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। তিনি ১৯৬৭ সালে বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিয়ে করেন। পদার্থবিজ্ঞান বিষয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লেখেন। রাজনীতি নিয়েও বই লিখেছেন ওয়াজেদ মিয়া।

পুরনো খবর:

বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াকে স্মরণ